শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

১৯৭০-এর ঘূর্ণিঝড়ের স্মরণসভায় ভোলায় ১২ নভেম্বরকে ‘উপকূল দিবস’ ঘোষণা ও স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবি

বৃহস্পতিবার জেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় উপকূলীয় সবুজবেষ্টনী রক্ষা ও দুর্যোগ মোকাবিলায় আরও কার্যকর প্রস্তুতির আহ্বান জানান বক্তারা।

১৯৭০ সালের ১২ নভেম্বরের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে প্রাণ হারানো লক্ষাধিক মানুষের স্মরণে ভোলায় আলোচনা সভা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ভোলা জেলা পরিষদ মিলনায়তনের এ সভায় বক্তারা ১২ নভেম্বরকে সরকারিভাবে ‘উপকূল দিবস’ হিসেবে ঘোষণা, নিহতদের স্মরণে ভোলায় স্থায়ী স্মৃতিস্তম্ভ নির্মাণ, উপকূলীয় সবুজবেষ্টনী সংরক্ষণ এবং দুর্যোগ মোকাবিলায় আরও কার্যকর প্রস্তুতির দাবি জানান।

সভায় সুশাসনের জন্য নাগরিকের (সুজন) ভোলা জেলা শাখার সভাপতি মুবাশ্বির উল্লাহ চৌধুরী বলেন, ১৯৭০ সালের জলোচ্ছ্বাসের পর উপকূল রক্ষায় সবুজবেষ্টনী গড়ে তোলা হয়েছিল। কিন্তু এখন সেই গাছ কেটে ইটভাটা ও গৃহস্থালির জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। ভোলার গ্যাস ভোলাতেই ব্যবহার নিশ্চিত করে ইটভাটা ও বাসাবাড়িতে গ্যাস-সংযোগ দেওয়া হলে গাছ কাটা কমবে এবং উপকূলীয় বন সংরক্ষণ করা সম্ভব হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক শামীম রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার। আরও বক্তব্য দেন জাতীয় বন্ধুজন পরিষদের সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এনামুল হক এবং সদস্যসচিব রাইসুল আলম।

গোলাম নবী আলমগীর বলেন, ওই জলোচ্ছ্বাসের পর তৎকালীন পাকিস্তান সরকারের উদাসীনতা জনগণের ক্ষোভকে আরও তীব্র করেছিল এবং স্বাধীনতার আকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছিল। তাঁর মতে, উপকূলীয় বনাঞ্চল রক্ষা করা না গেলে ভবিষ্যতে দুর্যোগের ঝুঁকি আরও বাড়বে; তাই বিকল্প জ্বালানির ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি ১২ নভেম্বর রাষ্ট্রীয়ভাবে পালনের উদ্যোগ নেওয়া উচিত।

জেলা প্রশাসক শামীম রহমান বলেন, ভোলার মানুষের দাবিগুলো সরকারের কাছে তুলে ধরা হবে এবং দুর্যোগ মোকাবিলায় স্থানীয় জনগণের অংশগ্রহণ আরও বাড়াতে হবে। সভার শেষে জলোচ্ছ্বাসে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একই দিন সকালে ভোলা জেলা শিক্ষক মিলনায়তনেও দিবসটি স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।