বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬

কাতারে তিন বছরের দায়িত্বে ঢাকা ছাড়লেন নৌবাহিনীর ২৪ সদস্য

কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে সামুদ্রিক টহল, উদ্ধার ও চোরাচালান প্রতিরোধের দায়িত্ব পালন করবেন তাঁরা।

কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে তিন বছর মেয়াদে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ২৪ সদস্যের একটি দল ঢাকা ছেড়েছে। বৃহস্পতিবার ভোররাতে তাঁরা কাতারের উদ্দেশে রওনা হন।

যাত্রার আগে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশনস) রিয়ার অ্যাডমিরাল গোলাম সাদেক কাতারে দায়িত্ব পালনে নিয়োজিত নৌসদস্যদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে তাঁদের দিকনির্দেশনা দেন।

নৌবাহিনীর তথ্য অনুযায়ী, ২০১২ সাল থেকে বাংলাদেশ নৌবাহিনী কাতার কোস্ট অ্যান্ড বর্ডার সিকিউরিটি ডিপার্টমেন্টে দায়িত্ব পালনের জন্য নিয়মিত নৌসদস্য পাঠিয়ে আসছে। সেখানে নিয়োজিত বাংলাদেশি নৌসদস্যরা দক্ষতা, পেশাদারিত্ব ও কর্মনিষ্ঠার মাধ্যমে কাতারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আস্থা ও প্রশংসা অর্জন করেছেন বলেও জানানো হয়েছে।

নতুন দলটি কাতারের উপকূলীয় ও সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করা, সামুদ্রিক টহল, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম এবং চোরাচালান প্রতিরোধসহ বিভিন্ন নিরাপত্তামূলক দায়িত্ব পালন করবে। নৌবাহিনী জানায়, এর মাধ্যমে কাতারের সামুদ্রিক নিরাপত্তা ব্যবস্থাপনায় দক্ষ জনবল ও অভিজ্ঞতার সংযোজন ঘটবে। একই সঙ্গে দুই দেশের প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।