আওয়ামী লীগ সরকারের আমলে সংঘটিত খুন, গুম, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা ও রাজনৈতিক নির্যাতনের মতো মানবতাবিরোধী অপরাধ এবং এর সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে জেলায় জেলায় গণশুনানি করবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থা। বুধবার নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, প্রতি সপ্তাহে দেশের কোনো না কোনো জেলায় এ গণশুনানি হবে। জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের যৌথ উদ্যোগে সব রাজনৈতিক দলের উপস্থিতিতে কর্মসূচি পরিচালিত হবে। নির্যাতিত রাজনৈতিক দল ও সংগঠনও এতে অংশ নিতে পারবে। শুনানির সময় অপরাধের ঘটনার সঙ্গে জড়িত কাউকে পাওয়া গেলে প্রয়োজনে তাঁকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।
চিফ প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে, এ বিষয়ে স্বরাষ্ট্রসচিব, আইনসচিবসহ সংশ্লিষ্ট দপ্তরে বুধবার চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে প্রসিকিউশন ও তদন্ত সংস্থার একটি ঊর্ধ্বতন দল সংশ্লিষ্ট জেলায় যাবে। শুনানিতে নির্যাতিত রাজনৈতিক দলের প্রতিনিধি, আহত ও নিহতের পরিবারের সদস্য, প্রেসক্লাবের সদস্য, সুশীল সমাজের প্রতিনিধি, ছাত্র-জনতা ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সরকার সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বলেও চিঠিতে উল্লেখ আছে।
আমিনুল ইসলাম বলেন, গণশুনানিতে কোনো ঘটনায় মামলা থাকলে কাগজপত্র ও রেকর্ড পর্যালোচনা করা হবে। মামলা না থাকলে ভুক্তভোগী পরিবারকে চিহ্নিত করা হবে। ট্রাইব্যুনালে বিচারযোগ্য কোনো ঘটনা পাওয়া গেলে তদন্ত সংস্থা তা তদন্ত করে বিচারের ব্যবস্থা করবে। তাঁর ভাষ্য, ওই সময়ে সারা দেশে অসংখ্য ক্রসফায়ার, গুম ও বিচারবহির্ভূত হত্যার অভিযোগ বা মামলা আছে; অনেক ভুক্তভোগী পরিবার মামলা করেনি, আবার অনেক অভিযুক্ত এখনো প্রকাশ্যে ঘুরছেন বলে ভুক্তভোগী পরিবারের তথ্য আছে।
কর্মসূচি যশোর থেকে শুরুর কথা জানিয়ে চিফ প্রসিকিউটর বলেন, ২৬ নভেম্বর সেখানে আয়োজনের পরিকল্পনা ছিল, কিন্তু ২৮ নভেম্বর জেলা আইনজীবী সমিতির নির্বাচন থাকায় তারিখ বদলাতে পারে; সে ক্ষেত্রে অন্য কোনো জেলা থেকে শুরু হবে। তবে আগামী সপ্তাহ থেকে কোনো না কোনো জেলায় শুনানি হবে।
গণশুনানির আইনগত বৈধতা নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, ট্রাইব্যুনালের প্রসিকিউশন ও তদন্ত সংস্থার তদন্ত করা ও অভিযোগ দাখিলের ক্ষমতা রয়েছে এবং এ কর্মসূচি আইনসম্মত। এ কর্মসূচির মধ্য দিয়ে ন্যায়বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে বলেও তিনি মন্তব্য করেন।