রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

নাসিরনগরের ১২৭ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১২৭টি শিক্ষকপদ শূন্য, ৭৫টিতে প্রধান শিক্ষক নেই

ব্রাহ্মণবাড়িয়ার হাওরবেষ্টিত উপজেলাটিতে শিক্ষক সংকটে পাঠদান ও বিদ্যালয় পরিচালনা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষক ও পরিচালনা কমিটির সভাপতিরা।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে প্রাথমিক শিক্ষার কার্যক্রম। উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকসহ মোট ১২৭টি পদ শূন্য থাকায় পাঠদান ও বিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম পরিচালনায় নানা সংকট দেখা দিয়েছে। এতে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি শিক্ষার মান নিয়েও উদ্বেগ বাড়ছে।

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, হাওরবেষ্টিত এই উপজেলায় ১২৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে ৭৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পদ এবং ৫২টি সহকারী শিক্ষকের পদ শূন্য। প্রধান শিক্ষক না থাকায় সহকারী শিক্ষকেরাই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছেন।

গোয়ালনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান জানান, তাঁর বিদ্যালয়ে ৩৬৪ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক আছেন মাত্র পাঁচজন। প্রধান শিক্ষক ও একজন সহকারী শিক্ষকের পদ শূন্য থাকায় পাঠদান চালাতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে।

নাসিরনগর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মো. ইলিয়াস মিয়া বলেন, প্রধান শিক্ষক না থাকায় নিয়মিত পাঠদান, শিক্ষকদের মধ্যে দায়িত্ব বণ্টন, প্রশাসনিক কার্যক্রম ও সার্বিক ব্যবস্থাপনায় নানা সমস্যা তৈরি হচ্ছে। শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ ও কার্যকর তদারকিও সম্ভব হচ্ছে না।

ফান্দাউক আতিকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নাজমুল হুদা বলেন, শিক্ষার মানোন্নয়নে প্রতিটি বিদ্যালয়ে প্রধান শিক্ষক থাকা অপরিহার্য। যেখানে নেই, সেখানে একজন সহকারী শিক্ষককে একই সঙ্গে বিদ্যালয় চালাতে ও পাঠদান করতে হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মানসিক চাপের কথা তুলে ধরে বলেন, এভাবে চলতে থাকলে দায়িত্ব পালন কঠিন হয়ে পড়ছে। উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. নেছার আহম্মদও বলেন, ৭৫টি বিদ্যালয়ে প্রধান শিক্ষক ও ৫২ জন সহকারী শিক্ষক না থাকায় শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন সম্ভব হচ্ছে না।