গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের পর মঙ্গলবার বিকেলে জেলায় তিন প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা অনুযায়ী এই সদস্যদের মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়ার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতা-কর্মীরা। পরে তাঁদের সঙ্গে যোগ দেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের নেতা-কর্মীরা। মিছিল নিয়ে তাঁরা পাটগাতী বাজারে যান এবং সেখানে যুবদলের কার্যালয়ের বাইরে থাকা কয়েকটি ফেস্টুন ও ব্যানার ভাঙচুর করেন। পাটগাতী বাসস্ট্যান্ডে ফেরার পর পুলিশের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের মধ্যে গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া উচ্চবিদ্যালয়-সংলগ্ন সড়কে পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন বিক্ষোভকারীরা। কয়েকটি দোকানও ভাঙচুর করা হয়। এতে গোপালগঞ্জ-পিরোজপুর সড়কে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আইয়ুব আলী বলেন, ছাত্রলীগের ডাকা ধর্মঘটে পুলিশ বাধা দিলে সংঘর্ষ হয়। হামলায় পুলিশের কয়েকজন সদস্য আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি শান্ত ও যান চলাচল স্বাভাবিক বলে তিনি জানান।
দুপুরে গোপালগঞ্জ শহরের লঞ্চঘাট সেতুর পশ্চিম পাশে, সোনাকুড় ও এলজিইডি মোড় এলাকায় আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। পরে অবরোধ তুলে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়। সকালে কাশিয়ানী উপজেলার কালনা মধুমতী সেতুর টোল প্লাজা এলাকা এবং ঢাকা-খুলনা মহাসড়কে পোনা ও মাজড়ার মধ্যবর্তী স্থানেও অবরোধ ও বিক্ষোভ হয়েছে।
এর আগে সোমবার দিবাগত রাতে কাশিয়ানীর গোপালপুরে মহাসড়ক অবরোধ, মহেশপুর রেলস্টেশনে আগুন জ্বালিয়ে বিক্ষোভ এবং গোপালগঞ্জ শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজের দেয়ালসহ বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুল্লাহ জানান, গত রাতের নাশকতার ঘটনায় আটজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাতটি মোটরসাইকেল ও ১৫টি অবিস্ফোরিত ককটেল জব্দ করা হয়েছে। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে বলে তিনি দাবি করেন। বিজিবি জানিয়েছে, এর আগে মঙ্গলবার দুপুরে শিল্পাঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের গুরুত্বপূর্ণ এলাকায় ৩৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।