দিনাজপুরের হাকিমপুর থানার হেফাজত থেকে পালিয়ে যাওয়া আসামি মোশাররফ হোসেন ওরফে মোস্তফাকে (২৪) ১৪ ঘণ্টার মধ্যে আবার গ্রেপ্তার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্শ্ববর্তী পাঁচবিবি থানা এলাকা থেকে তাঁকে ধরা হয়েছে।
শুক্রবার বিকেলে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাদশা আলম। তিনি জানান, আসামি হাকিমপুর (হিলি) পৌরসভার দক্ষিণ বাসুদেবপুর (মহিলা কলেজ) এলাকার বছির উদ্দিনের ছেলে। তিনি হাকিমপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সদস্য ছিলেন বলে ওসি উল্লেখ করেন।
পুলিশ জানায়, নিয়মিত মাদক ও পরোয়ানা তামিল অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার গভীর রাতে দক্ষিণ বাসুদেবপুর এলাকায় অভিযান চালিয়ে মোশাররফকে গ্রেপ্তার করা হয়। গত বছর বিশেষ ক্ষমতা আইনের ১৫(৩) ধারায় করা একটি মামলায় তাঁকে সন্দিগ্ধ আসামি হিসেবে আটক করা হয়েছিল। পুলিশের ভাষ্য, গ্রেপ্তারের পর তিনি স্বাভাবিক ছিলেন; কিন্তু থানার গেটের ভেতরে আনার পর হঠাৎ অস্বাভাবিক আচরণ শুরু করেন এবং দৌড়ে পালিয়ে যান। পুলিশ ধাওয়া করলেও অন্ধকারের সুযোগে ঝোপঝাড়ের ভেতর দিয়ে তিনি পালিয়ে যান।
শুক্রবার সকালে পুলিশ আসামির বাড়িতে গিয়ে পরিবারের সদস্য ও আত্মীয়দের সঙ্গে কথা বলে এবং মোবাইল নম্বর সংগ্রহ করে। পরে তথ্যপ্রযুক্তি, স্থানীয় সূত্র ও আত্মীয়দের মোবাইল নম্বরের সূত্র ধরে পুলিশ জানতে পারে, তিনি হাকিমপুর থানা এলাকা ছেড়ে পাঁচবিবি থানা এলাকায় চলে গেছেন। সেখানে অভিযান চালিয়ে তাঁকে আবার গ্রেপ্তার করে থানায় আনা হয়।
ওসি বাদশা আলম জানান, আইনি প্রক্রিয়া শেষে তাঁকে সংশ্লিষ্ট মামলায় আদালতে পাঠানো হবে।