বুধবার, ০৭ অক্টোবর, ২০২৬

রৌমারীতে ৪১টি স্কুলের কাব স্কাউটদের নিয়ে ৫ দিনব্যাপী ক্যাম্পুরীর উদ্বোধন

রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে কোমলমতি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশে এ ক্যাম্পুরী শুরু হয়েছে।

কুড়িগ্রামের রৌমারীতে পাঁচ দিনব্যাপী উপজেলা কাব ক্যাম্পুরী-২০২৬ উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে এ কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়। রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাহাবুবুল হাসান আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এই ক্যাম্পুরীতে উপজেলার ৪১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাব স্কাউটরা অংশগ্রহণ করছে। উদ্বোধনী অনুষ্ঠানে কাব স্কাউটদের মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন উপস্থিত সবাইকে মুগ্ধ করে। এই ক্যাম্পুরীর মূল লক্ষ্য হলো কোমলমতি শিশু-কিশোরদের শারীরিক ও মানসিক বিকাশ, নেতৃত্বের গুণাবলি অর্জন, শৃঙ্খলাবোধ, আত্মনির্ভরশীলতা, দায়িত্ববোধ ও দেশপ্রেম জাগ্রত করা। ক্যাম্প চলাকালীন তাঁবু স্থাপন, দলীয় কার্যক্রম, শারীরিক কসরত, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন প্রতিযোগিতাসহ নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কার্যক্রম কাব স্কাউটদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহের সৃষ্টি করেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহাবুবুল হাসান বলেন, পড়াশোনার পাশাপাশি এ ধরনের সহশিক্ষামূলক কার্যক্রম শিশুদের শারীরিক সক্ষমতা, সৃজনশীলতা, নেতৃত্বের দক্ষতা ও চরিত্র গঠনে ইতিবাচক ভূমিকা রাখে। আয়োজকরা জানিয়েছেন, কাব স্কাউটদের সুপ্ত প্রতিভার বিকাশ এবং ভবিষ্যতে সৎ, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যেই এই আয়োজন। শিক্ষক ও সংশ্লিষ্টরা মনে করেন, এই আয়োজন শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলা তৈরিতে সহায়ক হবে। আগামী ২৭ সেপ্টেম্বর বিভিন্ন কর্মসূচী ও প্রতিযোগিতার মধ্য দিয়ে এই কাব ক্যাম্পুরীর সমাপনী অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা মো: আব্দুল হাই চৌধুরী, উপজেলা জামায়াতের আমির মো: হায়দার আলী এবং সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা নাজমুল করিমসহ বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।