শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬

ধামইরহাটে সুইজারল্যান্ডের অর্থায়নে চলা জলবায়ু ও পানি প্রকল্প পরিদর্শন করল প্রতিনিধিদল

নওগাঁর ধামইরহাটে গোফরইমপ্যাক্ট প্রকল্পের কার্যক্রম মূল্যায়নে বৃহস্পতিবার দিনব্যাপী মাঠ পরিদর্শন করেছেন সুইজারল্যান্ড সরকারের প্রতিনিধিরা।

নওগাঁর ধামইরহাট উপজেলায় সুইজারল্যান্ড সরকারের অর্থায়নে বাস্তবায়নাধীন গোফরইমপ্যাক্ট (জিও ফোর ইমপ্যাক্ট) প্রকল্পের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন ও মূল্যায়ন করেছেন একটি প্রতিনিধিদল। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী এ মূল্যায়ন কার্যক্রম চলে।

মূল্যায়নে নেতৃত্ব দেন সুইজারল্যান্ডভিত্তিক সুইচপিস ইনস্টিটিউটের প্রধান পরিচালন কর্মকর্তা ও উপপরিচালক এবং বহিরাগত মূল্যায়নকারী ম্যাথিয়াস বস। প্রতিনিধিদলে আরও ছিলেন ওয়াটারএইড বাংলাদেশের পরামর্শক ও সরকারের সাবেক অতিরিক্ত সচিব মো. শফিকুল ইসলাম, প্রকল্পের দলনেতা সাইফ আল মনজুর এবং অপারেশন ম্যানেজার ইরফান আহমেদ খান।

পরিদর্শনের অংশ হিসেবে প্রতিনিধিদল জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি বিশ্লেষণ, ওয়ার্ডভিত্তিক কর্মপরিকল্পনা, সমন্বিত পানিসম্পদ ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম এবং ইউনিয়ন পরিষদের সুশাসনব্যবস্থা ঘুরে দেখেন। তাঁরা কমিউনিটি-পরিচালিত বায়োগ্যাস প্ল্যান্ট ও মিনি পাইপড ওয়াটার নেটওয়ার্কও পরিদর্শন করেন।

এ সময় প্রকল্পের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় করে প্রতিনিধিদল রক্ষণাবেক্ষণ, পরিচালনাব্যবস্থা, সেবার স্থায়িত্ব ও নথিপত্র সংরক্ষণ প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। নওগাঁর স্থানীয় সরকার উপপরিচালক টি. এম. এ. মমিন, নওগাঁ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হক, ধামইরহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী তাহমিনা সারমিন, পৌরসভার প্রতিনিধি এবং আগ্রাদ্বিগুন ও খেলনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ জনপ্রতিনিধি ও কর্মকর্তাদের সঙ্গেও তাঁরা কথা বলেন।

সংশ্লিষ্টরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নিরাপদ পানি সরবরাহ, পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা এবং স্থানীয় সরকারের সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। এর অগ্রগতি ও কার্যকারিতা যাচাইয়ের অংশ হিসেবেই এ পরিদর্শন হয়েছে।