মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

এস্তোনিয়াকে ‘সরাসরি যুদ্ধ বাধানোর দ্বারপ্রান্তে’ থাকার অভিযোগ রাশিয়ার; সীমান্ত বন্ধের সিদ্ধান্তের পর কূটনৈতিক উত্তেজনা

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এস্তোনিয়ার কূটনীতিককে তলব করে একগুচ্ছ অভিযোগ তুলেছে; তালিন সেগুলো প্রত্যাখ্যান করেছে।

এস্তোনিয়ার বিরুদ্ধে একগুচ্ছ ‘বৈরী পদক্ষেপ’-এর অভিযোগ তুলে দেশটি ‘সরাসরি যুদ্ধ বাধানোর দ্বারপ্রান্তে’ পৌঁছে গেছে বলে মন্তব্য করেছে রাশিয়া। সোমবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ অভিযোগ করে। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের সদস্য এস্তোনিয়া রাশিয়ার সঙ্গে স্থলসীমান্তের চেকপয়েন্টগুলো বন্ধ করার ঘোষণা দেওয়ার পর মস্কোর পক্ষ থেকে এই কড়া প্রতিক্রিয়া এল।

এস্তোনিয়া জানিয়েছে, তারা ১ ডিসেম্বর থেকে অন্তত ছয় মাসের জন্য রাশিয়ার সঙ্গে সীমান্ত পারাপার বন্ধ রাখবে। দেশটির অভিযোগ, একটি এস্তোনীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠানে অগ্নিসংযোগের চেষ্টার পেছনে রুশ নিরাপত্তা সংস্থাগুলো রয়েছে। রাশিয়া এতে জড়িত থাকার কথা অস্বীকার করেছে।

সীমান্ত বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদ জানাতে মস্কোয় নিযুক্ত এস্তোনিয়ার চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করে রাশিয়া। এরপর দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘এস্তোনীয় কূটনীতিককে আবারও জানিয়ে দেওয়া হয়েছে, এ ধরনের উসকানিমূলক ও চরম বিপজ্জনক কর্মকাণ্ড রাশিয়ার সঙ্গে প্রকাশ্য যুদ্ধ বাধানোর উপক্রম করছে।’

অভিযোগের তালিকায় রয়েছে—রুশ হামলার লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ইউক্রেনকে ‘নীরবে’ এস্তোনিয়ার আকাশসীমা ব্যবহারের সুযোগ দেওয়া, বাল্টিক সাগরে রুশ পণ্যবাহী জাহাজের চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা, রুশ ও বেলারুশীয় শস্যের ট্রানজিট নিষিদ্ধ করা, রুশ ভাষা নিষিদ্ধের চেষ্টা এবং রুশ অর্থোডক্স চার্চ বন্ধের হুমকি। মস্কো বলেছে, নিজেদের জাতীয় স্বার্থ ও নাগরিকদের বৈধ অধিকার রক্ষায় তারা ব্যাপক রাজনৈতিক ও কূটনৈতিক পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণ করে।

এস্তোনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সব অভিযোগের জবাব না দিলেও জানিয়েছে, তারা কখনো অন্য কোনো দেশকে সামরিক অভিযানের জন্য নিজেদের ভূখণ্ড ব্যবহার করতে দেয়নি, দেবেও না। পররাষ্ট্রমন্ত্রী মার্গুস সাখনা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ইউরোপের নিরাপত্তা দুর্বল করার নিজেদের কর্মকাণ্ড থেকে দৃষ্টি ঘোরাতেই রাশিয়া ভিত্তিহীন অভিযোগ ছড়াচ্ছে।

ইউক্রেনের ড্রোন প্রায়ই ন্যাটোভুক্ত দেশের আকাশসীমায় ঢুকে পড়ে। কিয়েভের ব্যাখ্যা, রুশ সংকেত-বিঘ্নের কারণেই এমনটা ঘটছে। ন্যাটো দেশগুলো ইচ্ছাকৃতভাবে ড্রোনকে আকাশসীমা ব্যবহার করতে দেওয়ার কথা বারবার অস্বীকার করেছে। ন্যাটোর মহাসচিব মার্ক রুটে বার্লিনে বলেন, গত সপ্তাহে রুশ ক্ষেপণাস্ত্রের পোল্যান্ডে অনুপ্রবেশের ঘটনা এবং এস্তোনিয়ার পরিস্থিতি জোট পর্যবেক্ষণ করছে এবং জবাব দেওয়ার বিভিন্ন বিকল্প তাদের হাতে আছে।