সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

মিরসরাইয়ে বাসে অভিযান: বিদেশি পিস্তল ও গুলিসহ ফেনীর দুই অস্ত্র চোরাকারবারি গ্রেপ্তার

খাগড়াছড়ি থেকে ঢাকাগামী বাসে যাত্রীবেশে থাকা দুজনের কাছ থেকে একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ফেনীর দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ তাঁদের অস্ত্র চোরাকারবারি বলে উল্লেখ করেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের সালাহউদ্দিন আকবর (৪৪) ও ফেনী সদর উপজেলার কাজীরবাগ ইউনিয়নের ইবনে জাহিদ (৩৪)। শনিবার বিকেলে বারইয়ারহাট-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের করেরহাট ইউনিয়নের নয়টিলা মাজার এলাকায় ‘শান্তি পরিবহন’ নামের একটি বাসে অভিযান চালিয়ে তাঁদের ধরা হয়।

পুলিশ জানায়, গোপন খবরে জানা যায়, একটি বিদেশি পিস্তলসহ দুজন খাগড়াছড়ি থেকে বাসে করে অস্ত্র চোরাকারবারের উদ্দেশে ঢাকায় যাচ্ছেন। খবর পেয়ে পুলিশের একটি দল ওই বাসে অভিযান চালায়। যাত্রীবেশে থাকা দুজনকে গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে একটি জাপানি পিস্তল, দুটি ম্যাগাজিন ও গুলি উদ্ধার করা হয়।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে ঢাকায় যাওয়ার জন্য ওই বাসের টিকিট কেটেছিলেন। অস্ত্র উদ্ধারের ঘটনায় দুজনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

এদিকে গ্রেপ্তার সালাহউদ্দিন আকবর স্থানীয়ভাবে সোনাগাজী উপজেলা সমবায় দলের আহ্বায়ক হিসেবে পরিচিত, আর ইবনে জাহিদ সদর উপজেলা শ্রমিক দল ও কৃষক দলের নেতা হিসেবে পরিচিত। সালাহউদ্দিনের রাজনৈতিক পরিচয় নিয়ে জানতে চাইলে সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবদীন বাবলু বলেন, বিএনপিতে সমবায় দল নামে কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন তালিকাভুক্ত নেই; তাই এই দলীয় পরিচয় গ্রহণযোগ্য নয়। ইবনে জাহিদের রাজনৈতিক পরিচয় নিয়ে খোঁজ নেওয়ার চেষ্টা করা হলেও দলটির জেলা কমিটি সক্রিয় না থাকায় দায়িত্বশীল কারও বক্তব্য পাওয়া যায়নি।