ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সীমান্তের ওপারে দুটি পূর্ণবয়স্ক চিতাবাঘের দেখা মিলেছে। শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ৬টার দিকে সীমান্তবর্তী নাগর নদীর ওপারে বাঘ দুটিকে ঘুরে বেড়াতে দেখা যায়। স্থানীয় এক কিশোর মুঠোফোনে এর ভিডিও ধারণ করেছে। লোকালয়ের খুব কাছে চিতাবাঘের উপস্থিতিতে সীমান্তবর্তী বাংলাদেশি বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে বাঘ দুটি বাংলাদেশ সীমান্তের লোকালয়ের বেশ কাছেই অবস্থান করছিল। পরে সেগুলোকে পাশের একটি চা-বাগানের ভেতরে ঢুকে পড়তে দেখা যায়। নাগর নদী ভারত ও বাংলাদেশের সীমান্ত নির্ধারণ করেছে। নদী পার হয়ে বাঘগুলো যেকোনো সময় বাংলাদেশের ভূখণ্ডে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।
ঘটনার পর থেকে সীমান্তবর্তী গ্রামগুলোয় মানুষের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বাসিন্দারা জানান, ভয়ে কৃষকেরা ফসলের মাঠে যেতে পারছেন না। বাঘগুলো ক্ষিপ্র এবং চা-বাগানের ঝোপঝাড়ে লুকিয়ে থাকায় সেগুলোর অবস্থান চিহ্নিত করা কঠিন হয়ে পড়ছে। গবাদি পশু ও ঘরবাড়ির নিরাপত্তা এখন তাঁদের প্রধান উদ্বেগ। অনেকের আশঙ্কা, নদী পেরিয়ে লোকালয়ে ঢুকে পড়লে বড় ধরনের প্রাণহানির ঝুঁকি তৈরি হতে পারে।
ঘটনার সত্যতা যাচাই ও নিরাপত্তার বিষয়ে জানতে চাইলে বন বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট বার্তা পাওয়া যায়নি। তবে ঠাকুরগাঁওয়ের ৫০ বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি ভারতের সীমান্তের ভেতরে এবং বাংলাদেশ সীমান্তের ওপারে হওয়ায় ভয়ের তেমন কারণ নেই। এরপরও সীমান্তবাসীকে সতর্ক করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।