এইচএসসি ও সমমান পরীক্ষায় এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের জন্য সম্পূরক পরীক্ষার সুযোগ রাখা হলেও ফল প্রকাশের আগেই অনেক বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরু করায় শিক্ষার্থীদের মধ্যে উচ্চশিক্ষার সুযোগ হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। শিক্ষাবিদ ও অভিভাবকদের অনেকে মনে করছেন, এতে সরকারের নতুন এই উদ্যোগের উদ্দেশ্য ব্যাহত হতে পারে।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, এবার এক বিষয়ে অকৃতকার্য হয়েছেন দুই লাখ ৯৮ হাজার ৪০ জন এবং দুই বিষয়ে এক লাখ ২৪ হাজার ৮৬৫ জন; মোট চার লাখ ২২ হাজার ৯০৫ জন সম্পূরক পরীক্ষার সুযোগ পাচ্ছেন। আন্তঃশিক্ষা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী পরীক্ষা হবে ১ ডিসেম্বর। শিক্ষাবিদদের প্রশ্ন, সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণ এই শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া কীভাবে হবে, সে বিষয়ে এখনো কোনো ঘোষণা বা পরিকল্পনা জানানো হয়নি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোকে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন ১ জানুয়ারির পর এবং পরীক্ষা ১ ফেব্রুয়ারির পর নেওয়ার অনুরোধ করেছিল। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় পূর্বনির্ধারিত সময়েই পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আবার কয়েকটি বিশ্ববিদ্যালয় তারিখ পিছিয়েছে। বুধবার পর্যন্ত ১২টি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার চূড়ান্ত তারিখ ঘোষণা করেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বুধবার দুপুর ১২টা থেকে আবেদন শুরু হয়েছে, চলবে ২৫ নভেম্বর পর্যন্ত। পরীক্ষা হবে ৫ ডিসেম্বর আইবিএ, ১২ ডিসেম্বর বিজ্ঞান, ১৯ ডিসেম্বর কলা, আইন ও সামাজিক বিজ্ঞান, ২২ ডিসেম্বর চারুকলা এবং ২৬ ডিসেম্বর ব্যবসায় শিক্ষা ইউনিটে। প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী জানান, ৯ নভেম্বর সাধারণ ভর্তি কমিটির জরুরি বৈঠকে সবার সম্মতিতে পূর্বঘোষিত সূচিতেই সব চালানোর সিদ্ধান্ত হয়েছে।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১২ ফেব্রুয়ারি ‘বি’ ইউনিট, ১৩ ফেব্রুয়ারি ‘সি’ ইউনিট এবং ২০ ফেব্রুয়ারি ‘এ’ ইউনিটের পরীক্ষা হবে। আবেদন ১৫ থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে; সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণদের জন্য ফল প্রকাশের পর পাঁচ থেকে সাত দিন আবেদনের সুযোগ থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পূর্বনির্ধারিত তারিখেই ১ জানুয়ারি থেকে শুরু হবে, আবেদন ১৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত।
স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. নাজমুল হোসেন জানান, মেডিক্যাল ও ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বরই হবে এবং দু-একদিনের মধ্যে ভর্তি নীতিমালা প্রকাশ করা হবে। বুয়েটে আবেদন ২১ নভেম্বর শুরু হবে, পরীক্ষা ১৬ জানুয়ারি। বুয়েট ভর্তি পরীক্ষা কমিটির প্রধান অধ্যাপক মো. কামরুল হাসান আগে বলেছিলেন, পুনর্নিরীক্ষণের ফলের অপেক্ষায় থাকারা আবেদন করতে পারবেন, তবে সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়াদের অংশ নিতে পারার কথা নয়।