বেসরকারি ব্যাংকের পরিচালনা পর্ষদে মন্ত্রী, সংসদ সদস্য (এমপি) ও স্থানীয় সরকারের প্রতিনিধিদের থাকা নিষিদ্ধ করতে যাচ্ছে সরকার। পাশাপাশি পর্ষদে একই পরিবারের সদস্যদের আধিপত্য কমানো, স্বতন্ত্র পরিচালকের সংখ্যা বাড়ানো এবং পরিচালকদের একটানা দায়িত্ব পালনের মেয়াদ ১২ বছর থেকে কমিয়ে ৬ বছর করার প্রস্তাব করা হয়েছে। ব্যাংক খাতে সুশাসন ফেরানো ও আমানতকারীদের স্বার্থ রক্ষাই এসব পরিবর্তনের লক্ষ্য বলে জানা গেছে।
অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ‘ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১’ সংশোধনের খসড়া চূড়ান্ত করেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, চলতি সপ্তাহেই খসড়াটি মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে, এরপর অনুমোদনের জন্য তা মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। অন্তর্বর্তী সরকারের সময় আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ও বাংলাদেশ ব্যাংক মিলে আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছিল, তার বেশির ভাগ সুপারিশই এবারের খসড়ায় রাখা হয়েছে।
রাজনৈতিক পদধারীদের জন্য নিষেধাজ্ঞা
খসড়া অনুযায়ী, মন্ত্রিসভার সদস্য বা সমমর্যাদার ব্যক্তি, এমপি এবং স্থানীয় সরকারের প্রতিনিধিরা ব্যাংকের পরিচালক হতে পারবেন না। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বা প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রেও রাজনৈতিক পদধারীরা অযোগ্য হবেন। ব্যাংক পরিচালনায় রাজনৈতিক হস্তক্ষেপ নিরুৎসাহিত করতেই এ প্রস্তাব।
বিদ্যমান আইনে পর্ষদে মন্ত্রী ও এমপিদের থাকার বিষয়ে স্পষ্ট নিষেধাজ্ঞা নেই। তবে মন্ত্রীদের ক্ষেত্রে সংবিধানের ১৪৭ অনুচ্ছেদের বিধিনিষেধ রয়েছে, যেখানে মন্ত্রিসভার সদস্যদের লাভজনক পদে থাকার ওপর নিষেধাজ্ঞার কথা বলা আছে।
পরিবার, মেয়াদ ও স্বতন্ত্র পরিচালক
বর্তমানে এক পরিবার থেকে সর্বোচ্চ তিনজন সদস্য একই সময়ে একটি ব্যাংকের পরিচালক থাকতে পারেন। নতুন প্রস্তাবে তা কমিয়ে দুজন করার কথা বলা হয়েছে। পরিচালকদের একটানা মেয়াদ আগে ছয় বছর ছিল; ২০১৮ সালের সংশোধনীতে তা ৯ বছর এবং ২০২৩ সালে ১২ বছর করা হয়। এবার আবার ছয় বছর করার প্রস্তাব এসেছে। কোনো পরিচালক একটানা ছয় বছর দায়িত্ব পালনের পর পরবর্তী তিন বছর একই ব্যাংকের পরিচালক হতে পারবেন না।
সর্বোচ্চ ২০ সদস্যের পর্ষদে এখন দুই থেকে তিনজন স্বতন্ত্র পরিচালক থাকার বিধান রয়েছে; প্রস্তাবে তা তিন থেকে চারজন করার কথা বলা হয়েছে। পর্ষদের সদস্য ২০ জনের কম হলে এখন দুজন স্বতন্ত্র পরিচালক বাধ্যতামূলক, সেটি বাড়িয়ে তিনজন করার প্রস্তাব রয়েছে। ব্যাংকের সঙ্গে অতীত, বর্তমান বা ভবিষ্যতে স্বার্থসংশ্লিষ্টতা থাকলে কাউকে স্বতন্ত্র পরিচালক হিসেবে বিবেচনা না করার বিধানও যুক্ত করার কথা বলা হয়েছে।
শেয়ারসীমা ও পরিচালকের ঋণ
বর্তমানে কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা একই পরিবারের সদস্যরা সরাসরি বা পরোক্ষভাবে একটি ব্যাংকের ১০ শতাংশের বেশি শেয়ার কিনতে পারেন না। কৌশলগত বিনিয়োগকারী আকৃষ্ট করতে খসড়ায় এই সীমা শিথিল করার ক্ষমতা বাংলাদেশ ব্যাংককে দেওয়ার প্রস্তাব রয়েছে। এ ধরনের বিনিয়োগকারীর যোগ্যতা ও শর্ত নির্ধারণ করবে কেন্দ্রীয় ব্যাংক। পরিচালক থাকা অবস্থায় নেওয়া ঋণ পরিশোধের ক্ষেত্রেও কঠোর বিধান আনার প্রস্তাব করা হয়েছে।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের (বিএবি) চেয়ারম্যান আবদুল হাই সরকার উদ্যোগটিকে স্বাগত জানিয়ে বলেন, ‘পরিচালনা পর্ষদ থেকে রাজনৈতিক ব্যক্তিদের দূরে থাকাই ভালো বলে মনে করি।’ মেয়াদ প্রসঙ্গে তিনি বলেন, তাঁরা নয় বছরের কথা বলেছিলেন, তবে ছয় বছরের সিদ্ধান্ত এসেছে এবং তা মেনে নেওয়া হয়েছে। শেয়ারসীমা শিথিলের বিষয়ে তাঁর দাবি, বিদেশিদের জন্য বেশি সুবিধা আর দেশিদের জন্য কম, এমন বৈষম্য যাতে তৈরি না হয়।
আওয়ামী লীগ সরকারের আমলে এস আলম গ্রুপ, বেক্সিমকো, প্রিমিয়ার গ্রুপ ও সিকদার গ্রুপসহ বিভিন্ন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান নিয়ন্ত্রণ করে ব্যাপক অনিয়ম-দুর্নীতির অভিযোগ রয়েছে। এসব গোষ্ঠীর প্রভাবশালী ব্যক্তিরা নিজেদের পাশাপাশি স্বজনদের ব্যাংকের পর্ষদে বসাতেন বলে অভিযোগ আছে।