পরিবহন খরচসহ কেজিপ্রতি দুই থেকে পাঁচ মার্কিন ডলারে বাংলাদেশে খেজুর সরবরাহের প্রস্তাব দিয়েছে আলজেরিয়া। বাংলাদেশি টাকায় (ডলারপ্রতি ১২৪ টাকা ধরে) এই দাম পড়বে ২৪৮ থেকে ৬২০ টাকা।
বৃহস্পতিবার আলজেরিয়ার রাষ্ট্রদূত ড. আবদেলওয়াহাব সাইদানি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন। সাশ্রয়ী দামে সরবরাহ নিশ্চিত করতে আলজেরিয়ার সরকারি ও বেসরকারি খাত থেকে সরাসরি খেজুর আমদানির বিষয়ে ওই বৈঠকে আলোচনা হয়।
বাণিজ্যমন্ত্রী বলেন, রমজানের কেনাকাটার চাপ শুরুর আগে, জানুয়ারির প্রথম দিকে দেশের খুচরা বাজারে পর্যাপ্ত খেজুরের সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার।
রাষ্ট্রদূত জানান, আলজেরিয়ায় এখন খেজুরের ভরা মৌসুম এবং দেশটিতে বিপুল পরিমাণ খেজুর মজুত রয়েছে। প্রতিযোগিতামূলক দামে খেজুর সরবরাহের প্রস্তাব ইতিমধ্যে দেশটির কৃষি মন্ত্রণালয় পাঠিয়েছে। একটি বেসরকারি রপ্তানিকারক প্রতিষ্ঠানও পরিবহন খরচসহ প্রতি কেজি দুই থেকে পাঁচ ডলারে খেজুর দিতে চেয়েছে। রাষ্ট্রদূতের মতে, আগামী সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় প্রক্রিয়া শেষ হলে ২০ থেকে ৩০ দিনের মধ্যে বাংলাদেশের বন্দরে চালান পৌঁছানো সম্ভব।
বৈঠকে জ্বালানি খাতেও আলোচনা হয়। বাংলাদেশের জ্বালানিমন্ত্রীর সাম্প্রতিক আলজেরিয়া সফরের প্রসঙ্গ তুলে বাণিজ্যমন্ত্রী বলেন, এই খাতে দেশটির সঙ্গে দীর্ঘমেয়াদি সহযোগিতায় আগ্রহী বাংলাদেশ। দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে পুরোনো বাণিজ্য চুক্তি নবায়ন এবং যৌথ অর্থনৈতিক কমিশন বা যৌথ বাণিজ্য কমিটি গঠনে দুই পক্ষ একমত হয়েছে।
দুই দেশের ব্যবসায়ীদের যোগাযোগ বাড়াতে এফবিসিসিআই ও আলজেরিয়ার চেম্বার অব কমার্সের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপন ও নিয়মিত বৈঠকের ওপরও জোর দেওয়া হয়। রাষ্ট্রদূত আলজেরিয়ায় হালাল পণ্য রপ্তানির নতুন নিয়ম তুলে ধরেন এবং ৩ থেকে ৭ ডিসেম্বর সেখানে অনুষ্ঠেয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলায় বাংলাদেশের কারুশিল্পী ও উদ্যোক্তাদের অংশগ্রহণের আমন্ত্রণ জানান। সম্ভাব্য অংশগ্রহণকারীদের তালিকা দ্রুত তৈরি করে পাঠাতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন বাণিজ্যমন্ত্রী।