চলতি বছর ডেঙ্গুতে ২১১ জনের মৃত্যু, সেপ্টেম্বরেই মারা গেছেন ১১৪ জন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ২ জনের মৃত্যু এবং ৯৫৫ জন নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
ডেঙ্গুর প্রকোপ দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২ জনের মৃত্যু হয়েছে এবং দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ৯৫৫ জন ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২১১ জনে, যার মধ্যে শুধু সেপ্টেম্বরের ২৫ দিনেই মারা গেছেন ১১৪ জন। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর আরও জানিয়েছে যে, চলতি বছর ১ জানুয়ারি থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত ৭০ হাজার ১০৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ৬২ শতাংশ এবং নারী ৩৭ শতাংশ। বয়সের হিসাবে তরুণদের আক্রান্তের হার বেশি।
ঢাকা বিভাগে সবথেকে বেশি ডেঙ্গুতে মারা গেছেন, দুই সিটি করপোরেশনসহ এ বিভাগে ১০২ জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও খুলনা বিভাগে ৩৭ জন, চট্টগ্রামে ২১ জন, ময়মনসিংহে ২০ জন, বরিশালে ১৬ জন, রাজশাহীতে ১০ জন, রংপুরে ৪ জন এবং সিলেট বিভাগে ১ জন মারা গেছেন।
বছরের শুরুতে ডেঙ্গুতে প্রাণহানি তুলনামূলক কম থাকলেও সময়ের সঙ্গে পরিস্থিতির অবনতি হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুইজন করে মোট চারজনের মৃত্যু হয়। মে মাসে একজন মারা যান এবং জুনে ১৩ জন মারা যান। এরপর জুলাইয়ে ডেঙ্গুতে মৃত্যু বেড়ে দাঁড়ায় ৩৬ জনে এবং আগস্টে ৪৩ জন প্রাণ হারান। সেপ্টেম্বরের ২৫ দিনেই ডেঙ্গুতে মারা গেছেন ১১৪ জন।