বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

চট্টগ্রামের হালিশহরে পুলিশ লাইনসের বাইরে থেকে দিনদুপুরে টহল ভ্যান চুরি

পুলিশ সদস্যরা দুপুরের খাবার খেতে রেস্তোরাঁয় গেলে হালিশহর থানার একটি পুরোনো টহল পিকআপ ভ্যান চুরি হয়ে যায়।

চট্টগ্রাম নগরের হালিশহরে দিনদুপুরে পুলিশের একটি টহল ভ্যান চুরির ঘটনা ঘটেছে। বুধবার দুপুরে নগরের হালিশহরে জেলা পুলিশ লাইনসের বাইরে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গাড়িটি উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ; তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্যানটি উদ্ধার করা যায়নি।

চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দুপুরে হালিশহর থানার একটি টহল ভ্যান পার্ক করে পুলিশ সদস্যরা পাশের একটি রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে যান। এ সময় ভ্যানটি চুরি হয়ে যায়।

পুলিশ জানায়, খাবার খেয়ে ফিরে এসে সদস্যরা দেখেন গাড়িটি আগের জায়গায় নেই। পরে তাঁরা বুঝতে পারেন, ভ্যানটি চুরি হয়েছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, একজন ব্যক্তি পিকআপ ভ্যানটিতে উঠে সেটি চালিয়ে নিয়ে যাচ্ছেন।

পুলিশের তথ্য অনুযায়ী, গাড়িটি হালিশহর থানার একটি পুরোনো সিঙ্গেল-ডেকার পিকআপ ভ্যান। বুধবার পুলিশের তিন সদস্যের একটি টহল দল গাড়িটি নিয়ে দায়িত্ব পালনে বের হয়েছিল। চুরি যাওয়া গাড়ি উদ্ধারে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একাধিক দল তল্লাশি অভিযান শুরু করেছে।

আমিনুর রশিদ বলেন, অভিযুক্ত ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তার এবং চুরি যাওয়া গাড়িটি উদ্ধারে পুলিশ কাজ করছে।