স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়। তবে দেশের ভেতরে বা সীমান্তের এপারে কাউকে কোনো ধরনের অপতৎপরতা চালাতে দেওয়া হবে না। ভিনদেশি কোনো ব্যক্তির অপ্রাসঙ্গিক ও অরাজনৈতিক বক্তব্যের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি জানান।
শনিবার রাজধানীর রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।
নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে প্রায় দুই সপ্তাহ বিভিন্ন স্থানে বোমা বিস্ফোরণ, বাসে আগুন এবং বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশ বলছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এসব সহিংসতা চালিয়েছে। মাঝে ককটেল নিক্ষেপ ও গাড়িতে আগুনের ঘটনা কমলেও শুক্রবার রাতে ঢাকার কয়েকটি স্থানে আবার ককটেল বিস্ফোরণ ও বাসে আগুন দেওয়া হয়েছে।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বাহিনীগুলোর প্রস্তুতি প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত থাকে, সব সময় কিছু অস্থিরতা তৈরি হতে পারে—তা ধরেই নেওয়া হয়।
শ্রমিক অসন্তোষ প্রসঙ্গে তিনি বলেন, সাধারণ শ্রমিকেরা মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে স্বাগত জানিয়েছেন। তাঁর ভাষ্য, কিছু ‘শ্রমিক নামধারী’ ব্যক্তি ও সীমান্তের ওপার থেকে ঘোষণা দিয়ে জ্বালাও-পোড়াওয়ের চেষ্টাকারীরা দু-একটি ইউনিয়ন পর্যায়ে বিচ্ছিন্নভাবে মশালমিছিল বা অস্থিরতা তৈরির চেষ্টা করছেন, যা সফল হবে না।
মন্ত্রী পুলিশ হাসপাতালে সাম্প্রতিক সহিংসতায় আহত পুলিশ সদস্যদের খোঁজখবর নেন এবং উন্নত চিকিৎসা নিশ্চিত করতে নির্দেশ দেন। বীরত্বপূর্ণ ভূমিকার জন্য তাঁদের পুলিশ পদকসহ অন্যভাবে পুরস্কৃত করা হবে বলেও জানান। পরে তিনি পিলখানায় বিজিবি হাসপাতালে গিয়ে গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের দেখেন। সেখানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও আইজিপি মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।