দেশে হামের উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় এ ছয়জন মারা যান। তাঁদের মধ্যে চারজন ঢাকা বিভাগের, আর সিলেট ও খুলনা বিভাগের একজন করে। এ সময় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
একই সময়ে নতুন করে হাম ও উপসর্গে মোট ১ হাজার ৪০২ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৩২৫ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে, আর পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে ৭৭ জনের। ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২০৬ জন, আর সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ১৪২ জন।
অধিদফতরের হিসাবে, চলতি বছরের ১৫ মার্চ থেকে বুধবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গ নিয়ে মোট ১ হাজার ২৬৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০৫ জন নিশ্চিত হামে এবং ১ হাজার ১৬৪ জন উপসর্গ নিয়ে মারা গেছেন।
এই সময়ে মোট ২ লাখ ৩৪ হাজার ১৪৮ জনের শরীরে হামের উপসর্গ দেখা গেছে, আর ২৪ হাজার ১৫০ জনের হাম পরীক্ষায় নিশ্চিত হয়েছে। সব মিলিয়ে হাম ও উপসর্গে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৫৮ হাজার ২৯৮ জন। তাঁদের মধ্যে ২ লাখ ৮ হাজার ৬৩৪ জন হাসপাতালে ভর্তি হয়েছিলেন এবং ১ লাখ ৯৯ হাজার ৮৯৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
বিভাগওয়ারি হিসাবে চলতি বছর সবচেয়ে বেশি ৫৮৯ জনের মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে। এরপর সিলেটে ২০৭, চট্টগ্রামে ১২২, রাজশাহীতে ৯৬ ও ময়মনসিংহে ৯১ জন মারা গেছেন।