রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

ফেনীতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিলের পর এক ব্যক্তির ধাওয়া, মামলায় গ্রেপ্তার ছয়

ফেনী শহরে বৃহস্পতিবার ভোরের ঘটনার ভিডিও শুক্রবার রাতে ভাইরাল হলে পুলিশ সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে; ১২ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে।

ফেনী শহরে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলের পর এক ব্যক্তির ধাওয়ায় মিছিলকারীদের পালিয়ে যাওয়ার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি ঘটেছে ফেনী শহরের গোডাউন কোয়ার্টার এলাকায়। গত বৃহস্পতিবার ভোরে ঘটনাটি ঘটলেও শুক্রবার রাতে ভিডিওটি ভাইরাল হয়।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ফজলুল কাদের চৌধুরী বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ছয়টার দিকে নিষিদ্ধ ছাত্রলীগের ফেনী পৌরসভা শাখার ব্যানারে কয়েকজন নেতা-কর্মী ঝটিকা মিছিল করেন। এরপর তাঁরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করছিলেন। ফেরার পথে রেলগেট এলাকার মিদ্দাবাড়ি সড়কের মুখে একটি ভবনের নিরাপত্তা প্রহরীর সঙ্গে মিছিলে আসা এক যুবকের ধাক্কা লাগে। ওই যুবক গালমন্দ করলে প্রহরী ক্ষুব্ধ হন। একপর্যায়ে ওই যুবকের হাতে নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের ছবি দেখতে পেয়ে প্রহরী ইট-পাথর ছুড়ে তাঁদের ধাওয়া দেন।

মিছিলের আলাদা একটি ৩৩ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে। তাতে দেখা যায়, ফেনী পৌর ছাত্রলীগের ব্যানারে ২০ থেকে ২৫ জন তরুণ-যুবক মিছিল করছেন। তাঁদের বেশির ভাগের মুখে মাস্ক, মাথায় ক্যাপ ও হাতে লাঠি ছিল। মিছিলে দলীয় বিভিন্ন স্লোগানের পাশাপাশি রঙিন ধোঁয়াও ছিটানো হয়।

ফেনী মডেল থানার পরিদর্শক সাজিদ কামাল বলেন, ঝটিকা মিছিলের পর এলাকার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। থানার ওসি আমিনুল ইসলাম জানান, মিছিলের ঘটনায় পুলিশ বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ১০ থেকে ১৫ জনকে আসামি করে মামলা করেছে। এ মামলায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে।