বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

বঙ্গোপসাগরে গ্যাস হাইড্রেটের সম্ভাবনা যাচাইয়ে সমন্বিত গবেষণা সেল গঠনের তাগিদ বিশেষজ্ঞদের

ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তরের কর্মশালায় বিশেষজ্ঞেরা বলেন, সম্পদটির প্রকৃত উপস্থিতি, মজুত ও উত্তোলনযোগ্যতা নিরূপণে আরও বিস্তৃত বৈজ্ঞানিক গবেষণা দরকার।

বাংলাদেশের বঙ্গোপসাগরীয় সমুদ্রসীমায় গ্যাস হাইড্রেটের সম্ভাবনা অনুসন্ধান ও মূল্যায়নে সমন্বিত গবেষণা উদ্যোগ নেওয়ার ওপর জোর দিয়েছেন বিশেষজ্ঞেরা। তাঁদের মতে, এ সম্পদ ভবিষ্যতে জ্বালানি নিরাপত্তায় নতুন সম্ভাবনা তৈরি করতে পারে। তবে এর প্রকৃত উপস্থিতি, মজুত, উত্তোলন প্রযুক্তি, অর্থনৈতিক লাভজনকতা ও পরিবেশগত ঝুঁকি নিরূপণে আরও বিস্তৃত বৈজ্ঞানিক গবেষণা প্রয়োজন।

মঙ্গলবার বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর (জিএসবি) আয়োজিত ‘বাংলাদেশের সমুদ্রসীমায় গ্যাস হাইড্রেট: সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক কর্মশালায় এসব বিষয় উঠে আসে। এ লক্ষ্যে দেশি-বিদেশি গবেষক, বিশ্ববিদ্যালয়, বিশেষজ্ঞ ও সংশ্লিষ্ট সংস্থার সমন্বয়ে একটি গবেষণা সেল গঠনের উদ্যোগ নেওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। কর্মশালায় অধ্যাপক ড. আনোয়ার হোসেন ভূঁইয়া, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পেট্রোলিয়াম জিওলজি বিভাগের অধ্যাপক ড. শফিকুল ইসলাম এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক মোহাম্মদ মঈনুল হোসেনসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধি, বিজ্ঞানী ও ভূতত্ত্ববিদ উপস্থিত ছিলেন।

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো. জিয়াউল হক বলেন, দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং বঙ্গোপসাগরের সামুদ্রিক সম্পদের সর্বোত্তম ব্যবহার ও টেকসই উন্নয়নে সমুদ্রের ভূতাত্ত্বিক সম্পদ অনুসন্ধান অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের সমুদ্রসীমায় গ্যাস হাইড্রেটের সম্ভাব্য উপস্থিতি জ্বালানি অনুসন্ধানে নতুন গবেষণার ক্ষেত্র তৈরি করতে পারে। তবে সম্ভাবনার কথা বিবেচনা করে এখনই এর মজুত বা বাণিজ্যিক ব্যবহার সম্পর্কে নিশ্চিত সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই বলে তিনি উল্লেখ করেন।

সচিব ব্যাখ্যা করেন, গ্যাস হাইড্রেট মূলত নির্দিষ্ট তাপমাত্রা ও উচ্চচাপের পরিবেশে পানির অণুর কাঠামোর মধ্যে আবদ্ধ গ্যাস, যার প্রধান উপাদান মিথেন। সমুদ্রের গভীর তলদেশে ও নির্দিষ্ট ভূতাত্ত্বিক পরিবেশে এ ধরনের গ্যাস হাইড্রেট গঠিত হতে পারে। বিশ্বের বিভিন্ন সমুদ্রাঞ্চলে এ সম্পদ নিয়ে গবেষণা চলছে। ভবিষ্যতে এটি জ্বালানির উৎস হিসেবে ব্যবহারের সম্ভাবনা থাকলেও নিরাপদ ও কার্যকর উত্তোলন এখনো বড় প্রযুক্তিগত চ্যালেঞ্জ।

কর্মশালায় সমুদ্রসীমায় গ্যাস হাইড্রেটের সম্ভাবনা নিয়ে বিদ্যমান তথ্য-উপাত্ত, গবেষণার ফলাফল ও ভবিষ্যৎ অনুসন্ধানের কৌশল পর্যালোচনা করা হয়। বিশেষজ্ঞেরা আধুনিক ভূতাত্ত্বিক, ভূভৌত ও ভূরাসায়নিক গবেষণা, সামুদ্রিক জরিপ এবং উন্নত প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্ব দেন।