বাংলাদেশ সিভিল সার্ভিসের অতিরিক্ত সচিব ও যুগ্ম সচিবসহ ৩৪ জন উচ্চপদস্থ কর্মকর্তা পাকিস্তানে দুই সপ্তাহের প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে রওনা হয়েছেন। রোববার তাঁরা ঢাকা থেকে যাত্রা করেন। লাহোরে অবস্থিত ন্যাশনাল স্কুল অব পাবলিক পলিসিতে (এনএসপিপি) তাঁরা ‘এক্সিকিউটিভ লিডারশিপ ট্রেনিং প্রোগ্রামে’ অংশ নেবেন।
কর্মকর্তাদের বিদায় জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার। এর আগে প্রশিক্ষণ কর্মসূচির অংশগ্রহণকারীদের সম্মানে আয়োজিত এক নৈশভোজে তিনি বলেন, প্রাতিষ্ঠানিক সম্পৃক্ততা, পেশাগত সহযোগিতা এবং জনগণের মধ্যে পারস্পরিক বিনিময়ের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার করতে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
হাইকমিশনার দুই দেশের দীর্ঘদিনের ঐতিহাসিক, সাংস্কৃতিক ও পারিবারিক বন্ধনের কথা উল্লেখ করেন। তিনি শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তি, বাণিজ্য, সংস্কৃতি, গণমাধ্যম, জলবায়ু পরিবর্তন ও ডিজিটাল শাসনের মতো ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সম্ভাবনার ওপর জোর দেন।
২০২৫ সালের আগস্টে ঢাকা সফরে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ‘পাকিস্তান-বাংলাদেশ নলেজ করিডোর’ ঘোষণা করেছিলেন। সেই প্রসঙ্গ টেনে হাইকমিশনার জানান, ২০২৬ সালে ১৭০ জন বাংলাদেশি শিক্ষার্থী পাকিস্তানের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হয়েছেন এবং আরও ২০ জন শিগগিরই সেখানে যোগ দেবেন।
তিনি আরও জানান, চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের প্রথম ব্যাচের ১২ জন একই প্রশিক্ষণ কর্মসূচি সম্পন্ন করেছেন। এবারের দলটি এই উদ্যোগের দ্বিতীয় ব্যাচ, যা দুই দেশের প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ার প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।