বেসরকারি স্কুল-কলেজের এমপিও নীতিমালায় সংশোধনী আনতে যাচ্ছে শিক্ষা মন্ত্রণালয়। সংশোধিত নীতিমালায় নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে নতুন দুটি শর্ত যুক্ত হতে পারে বলে জানা গেছে।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র জানিয়েছে, নতুন প্রতিষ্ঠান এমপিওভুক্তির ক্ষেত্রে ২০২৫ সালের নীতিমালাকেই ভিত্তি ধরা হয়েছে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী এর সঙ্গে নতুন করে দুটি শর্ত যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, নতুন স্কুল বা কলেজ এমপিওভুক্ত হতে হলে প্রতিষ্ঠানে কারিগরি বিষয়ক ন্যূনতম দুটি বিষয় থাকতে হবে। এ ছাড়া বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শিক্ষা কার্যক্রমও থাকতে হবে। নতুন করে আরোপিত এই শর্ত না মানলে কোনো প্রতিষ্ঠান এমপিওভুক্ত হবে না।
মাউশির এক কর্মকর্তা জানান, নীতিমালা সংশোধনের কাজ চলছে এবং কিছু বিষয়ে সংশোধনী আসবে। তবে বিষয়গুলো চূড়ান্ত হবে শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় সভায়। শিগগিরই সংশোধিত খসড়া নীতিমালা মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বর্তমান নীতিমালা (২০২৫) অনুযায়ী নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বৈধ স্বীকৃতি ও নিয়মিত নবায়ন থাকতে হয়।