নওগাঁর একটি বেসরকারি ক্লিনিকে জন্ম নেওয়া যমজ সন্তানের একটি নিখোঁজ হওয়ার অভিযোগের তদন্তে একটি নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে বগুড়ার আদমদীঘি উপজেলার তারতা গ্রাম থেকে সাত-আট দিন বয়সী শিশুটিকে উদ্ধার করা হয়। এ ঘটনায় এক নারীকে আটক করা হয়েছে।
নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম ঘটনাটি নিশ্চিত করেছেন। তিনি জানান, নওগাঁ শহরের বলাকা ক্লিনিকে জন্ম নেওয়া যমজ সন্তানের একটি চুরির অভিযোগ পাওয়ার পর পুলিশ তদন্ত শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, আদমদীঘির তারতা গ্রামের এক নারীর কাছে কয়েক দিন বয়সী একটি নবজাতক আছে। এরপর অভিযান চালিয়ে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন, আটক নারী প্রথমে নিজেকে প্রসূতি দাবি করলেও পরে স্বীকার করেছেন যে তিনি শিশুটিকে সংগ্রহ করেছেন। তিনি এখন পুলিশ হেফাজতে আছেন। উদ্ধার হওয়া শিশুটিই নওগাঁর ক্লিনিক থেকে নিখোঁজ হওয়া নবজাতক কি না, তা নিশ্চিত হতে ডিএনএ পরীক্ষা করা হবে। শিশুটির প্রকৃত বাবা-মায়ের সন্ধান না পাওয়া পর্যন্ত সে পুলিশের হেফাজতে থাকবে। শিশুটিকে কীভাবে ওই গ্রামে নেওয়া হয়েছিল, আটক নারীর সংশ্লিষ্টতা কতটুকু এবং এর পেছনে আরও কেউ জড়িত আছেন কি না—এসব প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, তদন্ত চলছে এবং দ্রুত রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন।
ঘটনার সূত্রপাত গত ৫ নভেম্বর। ওই দিন বলাকা ক্লিনিকে এক প্রসূতির অস্ত্রোপচার হয়। পরিবারের অভিযোগ, অস্ত্রোপচারের আগে করা দুটি আলট্রাসনোগ্রাম প্রতিবেদনের একটিতে গর্ভে যমজ সন্তান থাকার তথ্য ছিল। কিন্তু অস্ত্রোপচারের পর তাঁদের হাতে একটি কন্যাশিশু তুলে দেওয়া হয়; অন্য নবজাতকের বিষয়ে কোনো তথ্য দেওয়া হয়নি। নবজাতকের বাবা এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় লিখিত অভিযোগ করেন। ক্লিনিক কর্তৃপক্ষ ও চিকিৎসকের বিরুদ্ধে গাফিলতি এবং বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টার অভিযোগও তোলেন পরিবারের সদস্যরা।
তবে অস্ত্রোপচার করা চিকিৎসক, ক্লিনিকের মালিক এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও ক্লিনিক মালিক সমিতির নেতারা ৭ নভেম্বর সংবাদ সম্মেলন করে নবজাতক নিখোঁজের অভিযোগের সঙ্গে দ্বিমত পোষণ করেন। তাঁদের দাবি, প্রসূতির গর্ভে একটি সন্তানই ছিল; আলট্রাসনোগ্রাম প্রতিবেদনের একটিতে ভুলবশত যমজ সন্তানের তথ্য এসেছে, যা তদন্ত করে দেখা প্রয়োজন। ডিএনএ পরীক্ষার ফল এ বিতর্কের বড় একটি দিক স্পষ্ট করতে পারে বলে মনে করা হচ্ছে।