থাইল্যান্ডে নিয়মিত চিকিৎসার প্রয়োজন হয় এমন বাংলাদেশি রোগীদের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা চালুর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। ঢাকায় নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদির সঙ্গে বৈঠকে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবির।
রোববার (২২ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও বহুপক্ষীয় সহযোগিতাসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা হয়।
প্রতিমন্ত্রী বলেন, চিকিৎসার জন্য থাইল্যান্ডে যাওয়া বাংলাদেশিদের প্রতি দেশটির সহযোগিতা প্রশংসনীয়। তবে যেসব রোগীকে একাধিকবার যেতে হয়, তাঁদের সুবিধার্থে মাল্টিপল-এন্ট্রি ভিসা চালু করা প্রয়োজন। জবাবে থাই রাষ্ট্রদূত জানান, বাস্তবিক প্রয়োজন আছে—এমন রোগীদের মাল্টিপল-এন্ট্রি ভিসা দেওয়ার বিষয়ে থাইল্যান্ড ইতিবাচকভাবে ব্যবস্থা নেবে।
বৈঠকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। ২০২৭ সালে উচ্চপর্যায়ের সফর বিনিময়ের মাধ্যমে অংশীদারত্বকে নতুন উচ্চতায় নেওয়ার প্রত্যাশা জানান প্রতিমন্ত্রী।
আসিয়ান সেক্টরাল ডায়ালগ পার্টনারশিপে বাংলাদেশের আবেদন এবং আঞ্চলিক সমন্বিত অর্থনৈতিক অংশীদারত্বে (আরসিইপি) যোগদানের প্রচেষ্টায় সমর্থনের জন্য থাইল্যান্ডকে ধন্যবাদ জানান তিনি। আন্তর্জাতিক বিচার আদালতের সাম্প্রতিক রায়ের প্রেক্ষাপটে মিয়ানমারে জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে থাইল্যান্ডের অব্যাহত সহযোগিতাও চান তিনি। রাষ্ট্রদূত এ বিষয়েও দেশটির সমর্থনের আশ্বাস দেন।