বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

রংপুরের মিঠাপুকুরে ইউনিয়নে ইউনিয়নে জুয়া ও মাদকের আসর, চুরি বাড়ায় উদ্বেগ; অভিযানের দাবি স্থানীয়দের

স্থানীয়দের অভিযোগ, প্রতি রাতে প্রকাশ্যে লাখ লাখ টাকার জুয়া ও মাদকের কারবার চলছে; থানার ওসি বলছেন, সুনির্দিষ্ট তথ্য পেলে ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরের মিঠাপুকুর উপজেলার বিভিন্ন এলাকায় জুয়া ও মাদকের আসর জমজমাট হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের দাবি, একটি অসাধু চক্র প্রশাসনকে ম্যানেজ করার কথা বলে প্রতিদিন রাত ১০টা থেকে ভোররাত পর্যন্ত প্রকাশ্যে লাখ লাখ টাকার জুয়া ও মাদকের কারবার চালিয়ে যাচ্ছে। এতে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে, বাড়ছে সামাজিক অস্থিরতা ও অপরাধপ্রবণতা।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, খোড়াগাছ ইউনিয়নের বাদিয়ার মোড়, ময়েনপুর ইউনিয়নের কসবা কৃষ্ণনগর, বাতাসন হাট ও কদমতলা, বড়বালা ইউনিয়নের কেশবপুর হাটসংলগ্ন এলাকা, মিলনপুর ইউনিয়নের জানকীপুর এবং মির্জাপুর ইউনিয়নের বৈরাতী ও মাঠের হাট এলাকায় এসব আসর নিয়মিত বসছে। অভিযোগ রয়েছে, উঠতি বয়সী তরুণ ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে জড়িয়ে পড়ছেন। জুয়ার টাকা জোগাড় করতে গিয়ে অনেকে চুরি, ছিনতাইসহ নানা অপরাধে জড়াচ্ছেন বলেও স্থানীয়রা দাবি করেন।

এ দিকে উপজেলায় সাম্প্রতিক সময়ে একের পর এক চুরির ঘটনায় উদ্বেগ বেড়েছে। বুজরুক সন্তোষপুর মরাহাটিনহাটে এমদাদুল হকের শোরুমের ছাদ ভেঙে টাকাসহ মালামাল চুরির দুই দিনের মাথায় একই হাটের মিলন মিয়ার দোকানেও চুরি হয়। এর আগে উপজেলা সদরের আস্থা ফার্মেসি থেকে ১৫ লাখ টাকার ওষুধ ও অন্যান্য মালামাল চুরির ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল।

স্থানীয়দের আশঙ্কা, জুয়া ও মাদকের বিস্তার নিয়ন্ত্রণ করা না গেলে তরুণদের একটি অংশ অপরাধের দিকে আরও ঝুঁকে পড়বে। তাঁরা এসব আসরের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। এ বিষয়ে মিঠাপুকুর থানার ওসি রুহুল আমিন বলেন, কোন কোন এলাকায় এসব কর্মকাণ্ড চলছে, সুনির্দিষ্ট তথ্য দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।