গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ছয় ঘণ্টার ব্যবধানে পৃথক ঘটনায় এক নারীসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর ৬টার মধ্যে এসব লাশ উদ্ধার করা হয়। এর মধ্যে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের এবং পুকুরের পানিতে একজনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার কামদিয়া ইউনিয়নের দুখীসুখি পাড়া গ্রামে নিজ বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২৪ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। একই ইউনিয়নের এনায়েতপুর গ্রামে বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে শ্বশুরবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৪৬ বছর বয়সী এক ব্যক্তি মারা যান। তিনি জয়পুরহাটের কালাই উপজেলার বাসিন্দা।
এ ছাড়া ভোর ৬টার দিকে কামারদহ ইউনিয়নের মধ্য মাস্তা (দক্ষিণ পাড়া) গ্রামে একটি বাড়ির পাশের পুকুর থেকে ৩২ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করেন স্থানীয় লোকজন। গতকাল রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৭০ বছর বয়সী অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার লাশ উদ্ধার করে পুলিশ।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজ আলম চারজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এসব ঘটনায় থানায় অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। লাশগুলো ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার দুপুরে গাইবান্ধা সদর আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে।