বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

২০২৭ সালের ৩ জুন লর্ডসে প্রথমবার আন্তর্জাতিক টি-টুয়েন্টি খেলবে বাংলাদেশ, প্রতিপক্ষ নেপাল

মেরিলিবোন ক্রিকেট ক্লাব জানিয়েছে, লর্ডসের ইতিহাসে প্রথমবার একই দিনে আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টুয়েন্টি হবে; বাংলাদেশ ও নেপালের ম্যাচ হবে ৩ জুন।

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডসে টেস্ট খেলার ঘোষণা আগেই এসেছিল। এবার ঐতিহাসিক এই মাঠে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টুয়েন্টিও খেলবে বাংলাদেশ। প্রতিপক্ষ নেপাল। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডের মালিক ও পরিচালনাকারী প্রতিষ্ঠান মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি) জানিয়েছে, ২০২৭ সালের ৩ জুন লর্ডসে মুখোমুখি হবে দুই দল।

সেই দিনই মাঠটিতে ইংল্যান্ডের ঘরোয়া টি-টুয়েন্টি ব্লাস্টের একটি ম্যাচও অনুষ্ঠিত হবে। এমসিসির ভাষ্য অনুযায়ী, লর্ডসের ইতিহাসে এই প্রথম একই দিনে আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেটের দুটি ম্যাচ আয়োজন করা হবে। বাংলাদেশ ও নেপালের সমর্থকেরা যেন সরাসরি টেলিভিশনে ম্যাচটি দেখতে পারেন, সেটি বিবেচনায় নিয়ে ম্যাচের সময় নির্ধারণ করা হবে বলেও জানিয়েছে ক্লাবটি।

বাংলাদেশ আগামী বছরের মে মাসের শেষ দিকে ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট খেলবে। ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে তারা। ইংল্যান্ড সফরে নেপালেরও আয়ারল্যান্ড ও স্কটল্যান্ডের বিপক্ষে খেলার কথা রয়েছে।

এমসিসির প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন বলেন, ১৭ বছর পর লর্ডসে বাংলাদেশের প্রথম টেস্টের পরপরই এই ম্যাচ আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত। আগামী গ্রীষ্মে দুটি ম্যাচের জন্যই বাংলাদেশ দলকে আবার লর্ডসে স্বাগত জানাতে তাঁরা মুখিয়ে আছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবালও ম্যাচটি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি বলেন, ১৭ বছর পর ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট খেলতে লর্ডসে ফেরার পর এই ম্যাচ আগামী গ্রীষ্মকে বাংলাদেশের ক্রিকেটের জন্য আরও স্মরণীয় করে তুলবে।

নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি চতুর বাহাদুর চাঁদ বলেছেন, লর্ডসে বাংলাদেশের বিপক্ষে ম্যাচটি নেপালের জন্য ঐতিহাসিক। আইসিসির পূর্ণ সদস্য কোনো দেশের বিপক্ষে ক্রিকেটের এই ঐতিহাসিক মাঠে এটিই হবে নেপালের প্রথম ম্যাচ।