সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

তানোরের চন্দনকোঠায় ২২ লাখ টাকার জমি গোরস্থানের জন্য দান করলেন রাজশাহীর ব্যবসায়ী

দাফনের নির্দিষ্ট জায়গা না থাকায় বসতভিটায় স্বজনদের কবর দিতে হতো; ৩৪ কাঠা জমি কিনে দান করেছেন সরদার মো. ওহিদুল ইসলাম রিয়াসুল।

রাজশাহীর তানোর উপজেলার কলমা ইউনিয়নের চন্দনকোঠা গ্রামে গোরস্থানের জন্য জমি কিনে দান করেছেন নগরীর কাদিরগঞ্জ এলাকার বাসিন্দা, ব্যবসায়ী ও সমাজসেবক সরদার মো. ওহিদুল ইসলাম রিয়াসুল। ২২ লাখ টাকা ব্যয়ে তিনি ৩৪ কাঠা জমি কিনেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় নির্দিষ্ট কোনো গোরস্থান না থাকায় দীর্ঘদিন ধরে মৃত স্বজনদের নিজ নিজ বসতভিটাতেই দাফন করতে হতো। এতে পরিবারগুলো নানা অসুবিধায় পড়ত। মৃত্যুর পর দাফনের জায়গা নিয়ে অনেক সময় সংকটও তৈরি হতো।

জমিদাতার এ উদ্যোগে চন্দনকোঠাসহ আশপাশের চার থেকে পাঁচটি গ্রামের প্রায় দেড় হাজার মানুষ উপকৃত হবেন বলে জানান স্থানীয়রা।

ওহিদুল ইসলাম রিয়াসুল বলেন, এ এলাকার মানুষের মৃত্যুর পর দাফন-কাফনের জন্য নির্দিষ্ট কোনো জায়গা ছিল না। বিষয়টি জানার পর তিনি ২২ লাখ টাকায় ৩৪ কাঠা জমি কিনে গ্রামবাসীর জন্য দান করেছেন। তিনি বলেন, এতে তাঁদের দীর্ঘদিনের কষ্ট কিছুটা হলেও দূর হবে এবং মানুষের কল্যাণে কাজ করতে পেরে তাঁর ভালো লাগছে।

স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ শুধু একটি এলাকার দাফনের সংকটই দূর করবে না, সমাজে মানবিকতা ও মানুষের পাশে দাঁড়ানোর দৃষ্টান্তও হয়ে থাকবে। জমিদানকারীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন গ্রামবাসী।