আসন্ন পবিত্র রমজানে খেজুরের সরবরাহ বাড়াতে এবং দাম সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানি শুল্ক কমানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ-সংক্রান্ত একটি প্রস্তাব আজ রোববারের মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আজ সকাল সাড়ে ৯টায় সচিবালয়ের ১ নম্বর ভবনে মন্ত্রিপরিষদ বিভাগের নির্ধারিত বৈঠকে এসব প্রস্তাব নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হওয়ার কথা।
সংশ্লিষ্ট সূত্র জানায়, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ খেজুরের শুল্ক কমানোর প্রস্তাব তৈরি করেছে। বাংলাদেশ ফ্রেশ ফ্রুটস ইমপোর্টার্স অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, দেশে বছরে প্রায় এক লাখ থেকে এক লাখ ১০ হাজার টন খেজুরের চাহিদা রয়েছে। এর মধ্যে শুধু রমজান মাসেই চাহিদা থাকে প্রায় ৬০ থেকে ৭০ হাজার টন। সাধারণত সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, তিউনিসিয়া, মিসর, জর্দান, ইরাক, ইরান ও পাকিস্তানসহ বিভিন্ন দেশ থেকে খেজুর আমদানি করা হয়।
গত বছরও রমজান শুরুর প্রায় তিন মাস আগে খেজুরের আমদানি শুল্ক ও কর কমানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। ব্যবসায়ীরা মনে করেন, এতে আমদানি ব্যয় কমার পাশাপাশি বাজারে দাম স্থিতিশীল রাখতে সহায়তা হয়েছিল।
গত ৩ অক্টোবর ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির খেজুরসহ আমদানিনির্ভর ফলের সরবরাহ বাড়িয়ে দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানিকারকদের দ্রুত ঋণপত্র (এলসি) খুলে আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছিলেন। তিনি তখন জানান, খেজুরের শুল্কায়ন মূল্য নির্ধারণের দীর্ঘদিনের জটিলতা নিরসনেও উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন আমদানিকারকদের সঙ্গে বৈঠক করে বিভিন্ন মান ও গ্রেডের খেজুরের আন্তর্জাতিক উৎসমূল্য যাচাই করে একটি যৌক্তিক নির্দেশক মূল্য নির্ধারণের উদ্যোগ নেবে; পরে প্রস্তাব যাবে জাতীয় রাজস্ব বোর্ডে।
একই বৈঠকে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদনের বিষয়টিও উঠছে। মাঠপর্যায়ে ভ্যাট ও রাজস্ব আদায় গতিশীল এবং ব্যবস্থাপনা আধুনিক করতে ২০১২ সালের আইনের ৬৪ ধারা সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। গত ২৮ সেপ্টেম্বর এ-সংক্রান্ত অধ্যাদেশের খসড়া মন্ত্রিসভায় অনুমোদিত হয়েছিল; এখন সেটিকে আইনে রূপ দিতে আজ উপস্থাপন করা হচ্ছে।
প্রস্তাবিত সংশোধনীতে ভ্যাট রিটার্ন দাখিলের সময়সীমায় পরিবর্তন আনা হয়েছে। আগে প্রতি তিন করমেয়াদ শেষ হওয়ার পর সর্বোচ্চ ১৫ দিনের মধ্যে রিটার্ন জমার বিধান ছিল। নতুন বিধানে প্রতি মাসের মেয়াদ শেষ হওয়ার পরবর্তী ১৫ দিনের মধ্যে রিটার্ন জমা দিতে হবে; ১৫ তারিখ সরকারি ছুটির দিন হলে পরবর্তী প্রথম কর্মদিবসে জমা দেওয়া যাবে। সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক, বীমা এবং শূন্য রিটার্ন দাখিলকারীরা করমেয়াদ শেষ হওয়ার সর্বোচ্চ ২০ দিনের মধ্যে দাখিলপত্র জমা দিতে পারবেন।