ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, বাহরাইনে যুক্তরাষ্ট্রের একটি আগাম সতর্কতামূলক রাডার স্থাপনায় তারা হামলা চালিয়েছে। ইরানের দক্ষিণাঞ্চলের একটি টেলিযোগাযোগ টাওয়ারে বিমান হামলার জবাবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বাহিনীটি জানিয়েছে। ওয়াশিংটন বা মানামা থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, বৃহস্পতিবার (১২ নভেম্বর) দেশটির হরমুজগান প্রদেশের বন্দরনগরী সিরিতে ‘শত্রুপক্ষের হামলা’ হয়েছে। ইরানি কর্মকর্তারা সেখানে ‘শত্রুপক্ষের গোলাবর্ষণ’-এর কথা বলেছেন। এর কয়েক ঘণ্টা পর বিপ্লবী গার্ড বাহরাইনের রাডার স্থাপনায় হামলার দাবি করে। আধা সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বাহিনীটি এ হামলাকে ‘গুরুতর সতর্কবার্তা’ বলে অভিহিত করেছে।
বিবৃতিতে ‘আগ্রাসী শত্রুকে’ আকাশপথে ধারাবাহিক উসকানিমূলক তৎপরতা এবং হরমুজ প্রণালিতে তেল চোরাচালান বন্ধের আহ্বান জানানো হয়। এতে আরও বলা হয়, ‘এ ধরনের আগ্রাসী কর্মকাণ্ড আবার ঘটলে আইআরজিসির বাহিনী জবাব দিতে পুরোপুরি প্রস্তুত।’ বিপ্লবী গার্ডের সঙ্গে সংশ্লিষ্ট একটি সংবাদমাধ্যম দাবি করেছে, বাহিনীটির মহাকাশ শাখা ওই রাডার স্থাপনায় হামলা চালিয়ে সেটি ‘ধ্বংস করেছে’। এই দাবি স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
বাহরাইনের রাজধানী মানামায় নেভাল সাপোর্ট অ্যাকটিভিটি ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দপ্তর রয়েছে, যা মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবাহিনীর অভিযান পরিচালনার প্রধান কেন্দ্র। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধের শুরুর দিকেও এই সদর দপ্তরে হামলা হয়েছিল।
সর্বশেষ এ ঘটনা এমন সময়ে ঘটল, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সৌদি আরবসহ উপসাগরীয় মিত্রদের অনুরোধে ইরানে নতুন বড় হামলা আপাতত স্থগিত রাখা হয়েছে। এ পরিস্থিতিতে বিপ্লবী গার্ডের নতুন দাবি নিয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইনের প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।