রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

মালয়েশিয়ায় তিন দিনে ৩৪ কারখানায় অভিযান, বাংলাদেশিসহ ৫১৯ বিদেশি কর্মী আটক

দেশটির অভিবাসন বিভাগ জানিয়েছে, ১৮ থেকে ২০ নভেম্বরের অভিযানে ১ হাজার ৭০২ জনের কাগজপত্র যাচাই করা হয়েছে।

মালয়েশিয়াজুড়ে অবৈধ বিদেশি কর্মীদের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। টানা তিন দিনে ৩৪টি কারখানায় একযোগে চালানো এ অভিযানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ৫১৯ জন বিদেশি নাগরিককে আটক করা হয়েছে।

অভিবাসন বিভাগ জানিয়েছে, গত ১৮ থেকে ২০ নভেম্বর পর্যন্ত পরিচালিত এ বিশেষ অভিযানে মোট ১ হাজার ৭০২ জনের পরিচয় ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করা হয়। অভিযানে ৫৬৯ জন অভিবাসন কর্মকর্তা সরাসরি অংশ নেন; পাশাপাশি অন্য আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরাও সহযোগিতা করেন।

আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, ইন্দোনেশিয়া, ভারত, চীন ও তাইওয়ানের নাগরিক রয়েছেন। তাঁদের বয়স ২২ থেকে ৫৬ বছরের মধ্যে।

অভিযানের সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনা ঘটে সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের মেরু এলাকায়। সেখানে একটি পেরেক প্রক্রিয়াজাতকরণ কারখানায় অভিযান চালিয়ে ১৩১ জনের পরিচয় ও কাগজপত্র যাচাই করা হয়। বৈধ কাগজ না থাকায় ৭১ জন বিদেশি নাগরিককে আটক করা হয়।

কারখানায় অবৈধভাবে বিদেশি কর্মী নিয়োগের বিষয়ে তদন্তে সহায়তার জন্য স্থানীয় নাগরিকদের ৪২টি সাক্ষী হিসেবে হাজির হওয়ার নোটিশ দেওয়া হয়েছে। অভিবাসন বিভাগ জানিয়েছে, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অবৈধ অভিবাসীদের আটকের পাশাপাশি তাঁদের অবৈধভাবে নিয়োগদাতা, আশ্রয়দাতা ও সহযোগীদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।