বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬

ঈশ্বরদীতে পদ্মা থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ ও বাঁধ রক্ষার দাবিতে কৃষক-এলাকাবাসীর মানববন্ধন

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকার ফটু মার্কেট সড়কে ঘণ্টাব্যাপী কর্মসূচিতে নদীভাঙন ও কৃষিজমি হারানোর আশঙ্কার কথা তুলে ধরেন বক্তারা।

পাবনার ঈশ্বরদীতে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং চরাঞ্চল, ফসলি জমি ও নদীভাঙন রোধে নির্মিত বাঁধ সুরক্ষার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন স্থানীয় কৃষক ও এলাকাবাসী। বুধবার দুপুরে উপজেলার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এলাকার ফটু মার্কেট সড়কে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে আশপাশের কয়েকটি গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার নারী-পুরুষ অংশ নেন এবং দাবির পক্ষে স্বাক্ষর করেন। লিখিত বক্তব্যে মো. কবির হোসেন বলেন, পদ্মা থেকে অবৈধভাবে বালু তোলায় চরাঞ্চল, ফসলি জমি ও নদীর তীর রক্ষায় নির্মিত বাঁধ মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে। অবিলম্বে এ বালু উত্তোলন বন্ধ না করা হলে নদীভাঙন তীব্র আকার ধারণ করবে এবং কৃষিজমি ও গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তিনি নদী ও বাঁধ রক্ষায় দ্রুত কার্যকর প্রশাসনিক পদক্ষেপ নেওয়ার দাবি জানান।

কর্মসূচিতে পাকশী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য মো. রঞ্জু হোসেন, সমাজসেবক আব্দুল খালেক খাঁ, মনসুর মণ্ডল, হিটলু হোসেন, রানা হোসেন ও আশাদুল ইসলামসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে ২৬ অক্টোবর পদ্মা নদী থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং পাকশীর হার্ডিঞ্জ ব্রিজসংলগ্ন বাঁধের সুরক্ষাসহ পাঁচ দফা দাবিতে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেন এলাকাবাসী।