“আদিবাসীদের অধিকার প্রতিষ্ঠা ও ভবিষ্যৎ গঠনে কৃত্রিম বুদ্ধিমত্তার সার্থক প্রয়োগ” প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (৯ আগস্ট) নানা আয়োজনের মধ্য দিয়ে বান্দরবানে পালিত হয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস। সকালে জেলা শহরের স্থানীয় রাজমাঠে গণসংগীত পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এর আগে জেলার বিভিন্ন এলাকা থেকে পাহাড়ি জনগোষ্ঠীর তরুণ-তরুণী, নারী ও পুরুষেরা নিজ নিজ ঐতিহ্যবাহী পোশাক পরে সমবেত হন এবং গণসংগীতে অংশ নেন।
আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ডা. মং উষাথোয়াইর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আমাদের সময়ের নির্বাহী সম্পাদক এহসান মাহমুদ, বাংলাদেশ যুব ইউনিয়নের সভাপতি খান আসাদুজ্জামান মাসুমসহ বিভিন্ন পাহাড়ি সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা পার্বত্য চট্টগ্রাম শান্তিচুক্তির ধারাসমূহ দ্রুত বাস্তবায়ন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, পার্বত্য জেলায় অবৈধ বসবাসকারীদের উচ্ছেদ এবং আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার নিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।
আলোচনা সভা শেষে তরুণ-তরুণী ও নারী-পুরুষদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়, যেখানে পাহাড়ি জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী নৃত্য ও গান দর্শকদের মুগ্ধ করে।