চট্টগ্রাম নগরীর বন্দর থানার নিউমুরিং আবাসিক এলাকায় একটি আবাসিক ভবনের নিচতলার বাসায় আকস্মিক বিস্ফোরণে একই পরিবারের তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। পুলিশ জানিয়েছে, নগর পুলিশের বোম্ব ডিসপোজাল ইউনিট বিস্ফোরণের কারণ খতিয়ে দেখছে।
মঙ্গলবার গভীর রাতে নগরীর ৭ নম্বর সড়কের আজিজ ভবনের নিচতলায় এ ঘটনা ঘটে। দগ্ধ তিনজনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন মোহাম্মদ আরিফ (২৭), তাঁর স্ত্রী রাশেদা বেগম (২৩) ও তিন বছর বয়সী মেয়ে আরিফা। জানা গেছে, আরিফের বাড়ি বগুড়ায়; দুই মাস আগে তিনি ওই বাসা ভাড়া নেন।
বিস্ফোরণে বাসার দরজা-জানালা উড়ে গেছে এবং ভেতরের আসবাবপত্র প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। আরিফের ভাই শরীফ ও স্থানীয়দের ধারণা, বাসার ভেতরে গ্যাস জমে বিস্ফোরণ হয়ে থাকতে পারে। তবে ভবনের মালিক হায়দার আলী জানান, ভবনের কোনো বাসায় গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হয় না; সব বাসা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের আবাসিক গ্রাহক। বিস্ফোরণের পরও বাসায় বিদ্যুতের লাইন স্বাভাবিক ছিল। ফলে বিস্ফোরণের কারণ তাঁদের কাছেও পরিষ্কার নয়।
দগ্ধদের চিকিৎসার বর্তমান অবস্থা এবং বিস্ফোরণের প্রকৃত কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো তথ্য পাওয়া যায়নি। পুলিশ তদন্ত চালাচ্ছে।