ফিনল্যান্ডে নিখোঁজের ২৪ দিন পর বাংলাদেশি নাগরিক নাফিস ইস্কান্দারের লাশ উদ্ধার করেছে দেশটির পুলিশ। গত শনিবার হ্যামেনলিন্না শহরে মহাসড়কের পাশে দুর্ঘটনাকবলিত একটি গাড়ির ভেতর থেকে লাশ পাওয়া যায়। জানা গেছে, গাড়িটি কয়েক দিন ধরে সেখানে পড়ে ছিল, কিন্তু দুর্ঘটনার বিষয়টি কারও নজরে আসেনি।
পারিবারিক সূত্রে জানা যায়, নাফিস ইসলামী ব্যাংকের সাবেক নির্বাহী কমিটির চেয়ারম্যান ও গিন্ত মিডিয়া করপোরেশনের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইস্কান্দার আলী খানের একমাত্র ছেলে এবং বিএনপি নেতা তাবিথ আউয়ালের ভগ্নিপতি।
নাফিস গত ১২ অক্টোবর থেকে নিখোঁজ ছিলেন। তাঁকে খুঁজে পেতে ফিনল্যান্ডের পুলিশ সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছিল। ফিনল্যান্ডের স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, প্রায় ৫০ বছর বয়সী নাফিসকে সর্বশেষ ১২ অক্টোবর বেলা ৩টার দিকে টাম্পেরে শহরে দেখা গিয়েছিল। বাংলাদেশি কমিউনিটির সদস্যদের তথ্য অনুযায়ী, তিনি টাম্পেরে থেকে হেলসিঙ্কির উদ্দেশে রওনা হয়েছিলেন এবং হ্যামেনলিন্না এলাকা পার হওয়ার পর থেকে তাঁর সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। তবে এই যাত্রাপথের বিস্তারিত পুলিশের প্রকাশিত বিবরণ থেকে নিশ্চিত হওয়া যায়নি।
নিখোঁজ হওয়ার সময় পুলিশ জানিয়েছিল, তিনি একটি কালো অডি গাড়ি ব্যবহার করতেন। পুলিশের তথ্যমতে, তিনি হেলসিঙ্কি ও হামে অঞ্চলে চলাচল করেছিলেন, তবে দেশের যেকোনো জায়গায় থাকার আশঙ্কাও ছিল। সে সময় পুলিশ এ ঘটনায় কোনো অপরাধ সংঘটিত হয়েছে বলে সন্দেহ করেনি। মৃত্যুর কারণ সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানা যায়নি।