দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৪১৯ জনে। একই সময়ে হাম উপসর্গে একটি শিশুর মৃত্যুর খবর দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শনিবার পৃথক দুটি সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদপ্তর এসব তথ্য জানায়।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৬৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। মারা যাওয়া ব্যক্তির মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত সারা দেশে ডেঙ্গু নিয়ে মোট প্রায় ১ লাখ ৩৫ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে ১ লাখ ২৮ হাজার ৩৪৫ জন হাসপাতাল ছেড়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৬ হাজার ২৩৬ জন।
হামের ক্ষেত্রে অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৪ জন। এর মধ্যে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছেন ৯৮৭ জন এবং নিশ্চিত রোগী ৯৭ জন। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে একজনের মৃত্যু হয়েছে; নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি।
অধিদপ্তরের হিসাবে ১৫ মার্চ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে আসা রোগীর সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৬৬০ জন। একই সময়ে নিশ্চিত হামরোগী ২৩ হাজার ৮৬৭ জন। হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ৩ হাজার ৫২৮ জন, সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৯৫ হাজার ৮৮ জন।
এ সময়ে হাম উপসর্গে মোট ১ হাজার ১৪৭ জন এবং নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।