সারা দেশে প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
রোববার (৮ নভেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান। সিনিয়র সচিব বলেন, প্রথম ধাপে সদর উপজেলার ইউনিয়নগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে।
ভোটে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের প্রশ্নে তিনি স্পষ্ট করে বলেন, কোনো ভোটেই ইভিএম ব্যবহার করা হবে না। তবে ইভিএমগুলো কী করা হবে, অর্থাৎ এগুলোর নিষ্পত্তির বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন।
এ সময় আখতার আহমেদ আরও জানান, ব্যক্তির তথ্য নেওয়ার বিষয়ে নির্বাচন কমিশন নতুন পরিকল্পনা করছে। ছয় বছর বয়স থেকেই ব্যক্তির উপাত্ত সংগ্রহের কথা ভাবছে কমিশন।
প্রথম ধাপের নির্বাচনের তারিখ কিংবা কোন কোন ইউনিয়নে ভোট হবে, সে বিষয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।