কক্সবাজারের টেকনাফ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে ঘটনায় জড়িত চোরাকারবারিদের আটক করা সম্ভব হয়নি।
বিজিবি জানায়, শুক্রবার ভোর ৪টার দিকে টেকনাফের জিম্বংখালী সীমান্তে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অভিযান চালায়। জিম্বংখালী বিওপির নিয়মিত বিশেষ টহল দল প্রযুক্তির সহায়তায় দেখতে পায়, বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির ৭ নম্বর পোস্ট-সংলগ্ন একটি মাছের ঘেরের পাশ দিয়ে দুই ব্যক্তি হাতে দুটি ব্যাগ নিয়ে মিয়ানমার থেকে বাংলাদেশে ঢুকছেন। তাঁদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় টহল দল তাঁদের চ্যালেঞ্জ করে।
বিজিবির ভাষ্য অনুযায়ী, এ সময় দুই ব্যক্তি ব্যাগ দুটি ফেলে পালিয়ে যান। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ব্যাগ দুটি থেকে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেটে রাখা আনুমানিক ২ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ঘটনাস্থল ও আশপাশে তল্লাশি চালিয়ে অন্য কোনো অবৈধ মালামাল পাওয়া যায়নি।
পালিয়ে যাওয়া চোরাকারবারিদের শনাক্ত ও গ্রেপ্তারে ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় চিরুনি অভিযান চালানো হলেও খবর লেখা পর্যন্ত কাউকে আটক করা যায়নি বলে বিজিবি জানায়।
উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক জানান, মাদক সরবরাহকারী ও চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তিনি আরও বলেন, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন দীর্ঘদিন ধরে সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান চালাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির কঠোর অবস্থান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে বলে তিনি জানান।