জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর দপ্তর ও সরকারের উচ্চপর্যায়ের একাধিক দায়িত্বশীল সূত্র জানিয়েছে, এই সংলাপ খুব শিগগির শুরু হতে পারে। আগামীকাল সোমবার জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে মতবিনিময়ের মধ্য দিয়ে প্রক্রিয়াটির সূচনা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো ধারণা দিয়েছে।
সূত্রগুলো জানায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নাশকতার প্রেক্ষাপটে জাতীয় ঐক্যের লক্ষ্যে আগামী কয়েক দিনের মধ্যে বিভিন্ন দলের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় বা সংলাপ হওয়ার কথা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব বৈঠক হতে পারে। আয়োজনের কাজ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তত্ত্বাবধান করা হচ্ছে। তবে সংশ্লিষ্ট কেউ এখনই আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হননি।
সংলাপে কোন কোন দলকে আমন্ত্রণ জানানো হবে এবং আলোচনার নির্দিষ্ট বিষয় কী হবে, তা এখনো চূড়ান্ত হয়নি বলে সরকার ও বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। বিএনপির উচ্চপর্যায়ের দুজন নেতা বলেছেন, গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত তাঁরা সংলাপ অনুষ্ঠানের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য জানতেন না। তাঁদের একজনের ভাষ্য, বিষয়টি এখনো আলোচনার পর্যায়ে রয়েছে।
বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান এবং এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এখন দেশের বাইরে আছেন। জামায়াত ও এনসিপির নেতারা জানিয়েছেন, নাহিদ ইসলাম আজ রোববার সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকায় ফিরবেন; তিনি ১৩ নভেম্বর যুক্তরাজ্য সফরে গিয়েছিলেন। শফিকুর রহমান গত শুক্রবার অস্ট্রেলিয়া সফরে গেছেন, সেখান থেকে যাবেন মালয়েশিয়ায়। তাঁর ২৬ নভেম্বর দেশে ফেরার কথা। বিভিন্ন সূত্রের ধারণা, তাঁর ফেরার আগেই সংলাপ শুরু হতে পারে।
এনসিপির সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন বলেন, প্রধানমন্ত্রীর ঐক্যের আহ্বানকে দলটি ইতিবাচকভাবে দেখছে। তবে সেই ঐক্যের ধারাবাহিকতা থাকা জরুরি। তাঁর ভাষ্য, ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে একধরনের স্বাভাবিক মৈত্রী আছে; নতুন করে ঐক্যের কথা বলতে হচ্ছে মানে সেখানে কোথাও চিড় ধরেছে, আর এর কারণ অনুসন্ধান করা দরকার।
পটভূমি হিসেবে সূত্রগুলো জানায়, শেখ হাসিনা আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন—সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ঘোষণার পর গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় নাশকতামূলক ঘটনা ঘটেছে। চোরাগোপ্তা ককটেল হামলা, যানবাহন, পুলিশের একাধিক স্থাপনা ও গ্রামীণ ব্যাংকের কয়েকটি শাখায় অগ্নিসংযোগের ঘটনার জন্য পুলিশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের দায়ী করছে। ১৮ নভেম্বর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ আখ্যা দিয়ে তা প্রতিহত করতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে এক মঞ্চে আসার আহ্বান জানান। সেদিন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানও রাজনৈতিক দলগুলোর ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন।
পরদিন ১৯ নভেম্বর জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় বিরোধী জোট জরুরি বৈঠক করে প্রধানমন্ত্রীর আহ্বানকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানায়। গতকাল রাজধানীর সমাবেশে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় ঐক্যের ভিত্তি হবে গণভোটের রায় বাস্তবায়ন। বিএনপি-সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই সংলাপের উদ্যোগকে সংসদের সমাপনী বক্তব্যে দেওয়া সেই আহ্বানেরই ধারাবাহিকতা হিসেবে দেখা হচ্ছে।