বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

উখিয়ার শরণার্থী শিবিরে রোহিঙ্গা মায়ের চার সন্তান প্রসব, দুটি ছেলে ও দুটি মেয়ে

২৯ সপ্তাহের গর্ভাবস্থায় দুই ধাপে স্বাভাবিক ও অস্ত্রোপচারে জন্ম নেওয়া নবজাতকদের পর্যবেক্ষণে রেখেছে হাসপাতালের চিকিৎসক দল।

কক্সবাজারের উখিয়ার একটি রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের এক মা একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন। বিরল এই প্রসবে জন্ম নেওয়া চার নবজাতকের মধ্যে দুটি ছেলে ও দুটি মেয়ে। ২৯ সপ্তাহের গর্ভাবস্থায় দুই ধাপে স্বাভাবিক ও অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, উখিয়ার সি-৬ ক্যাম্পের এ-১ ব্লকের বাসিন্দা ২৬ বছর বয়সী ওই নারী গত ১৩ নভেম্বর রাতে হাসপাতালে ভর্তি হন। আলট্রাসনোগ্রাফি পরীক্ষায় তাঁর গর্ভে একাধিক সন্তান থাকার বিষয়টি নিশ্চিত হয়। তখন তাঁর গর্ভকাল ছিল ২৯ সপ্তাহ।

পরদিন ১৪ নভেম্বর ভোরে স্বাভাবিক প্রসবের মাধ্যমে প্রথম ছেলেসন্তানের জন্ম হয়। গর্ভে থাকা অন্য তিন শিশুর অবস্থান স্বাভাবিক প্রসবের উপযোগী না হওয়ায় চিকিৎসকদের সিদ্ধান্তে অস্ত্রোপচারের মাধ্যমে তাদের জন্ম দেওয়া হয়। ১৬ নভেম্বর রাতে দ্বিতীয় ও তৃতীয় সন্তান জন্ম নেয়; তাদের একজন ছেলে ও অন্যজন মেয়ে। একই রাতে ৯টা ৫৩ মিনিটে চতুর্থ সন্তান হিসেবে আরেকটি মেয়েশিশুর জন্ম হয়।

হাসপাতালের চিকিৎসক, নার্স ও ধাত্রীদের সমন্বয়ে গঠিত মেডিকেল টিম পুরো প্রসব প্রক্রিয়ায় মাকে চিকিৎসাসেবা দেয়। জন্মের পর চার নবজাতকের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সার্বক্ষণিক পরিচর্যা করছেন। ফ্রেন্ডশিপ হাসপাতালের প্রকল্প ব্যবস্থাপক ডা. এস এম গোলাম সারওয়ার বলেন, একসঙ্গে চার নবজাতকের জন্ম নিঃসন্দেহে বিরল ঘটনা। মায়ের গর্ভকাল মাত্র ২৯ সপ্তাহ হওয়ায় প্রসব প্রক্রিয়া চিকিৎসকদের জন্য বেশ চ্যালেঞ্জিং ছিল। চিকিৎসক, নার্স ও ধাত্রীদের সমন্বিত প্রচেষ্টায় প্রয়োজনীয় সেবা দেওয়া সম্ভব হয়েছে বলে জানান তিনি। মা ও নবজাতকদের শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।