কুমিল্লার তিতাসে বিএনপির সংসদ সদস্যের (এমপি) সংবর্ধনা অনুষ্ঠানে দুই সম্ভাব্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দলীয় পদ হারিয়েছেন দুই ভাই। তাঁরা হলেন তিতাস উপজেলা বিএনপির সহসভাপতি এমদাদ হোসেন আখন্দ এবং উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক সাইমুল ইসলাম আখন্দ।
গত বৃহস্পতিবার রাতে পৃথক চিঠিতে এই দুই নেতার বহিষ্কারের কথা জানানো হয়। তবে বিষয়টি জানাজানি হয় গতকাল শুক্রবার। কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেমের সই করা চিঠিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিপক্ষের লোকজনের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালান এমদাদ হোসেন। ওই সময় কুমিল্লা-২ (হোমনা-তিতাস) আসনের সংসদ সদস্য এবং উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নেতারা সেখানে উপস্থিত ছিলেন। চিঠিতে এই ঘটনাকে সংগঠনবিরোধী কার্যক্রম বলে উল্লেখ করে তাঁকে বহিষ্কারের কথা জানানো হয়।
অনুষ্ঠানের বিবরণ অনুযায়ী, উপজেলা বিএনপির সহসভাপতি ও আরেক সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী এমদাদ হোসেন এবং তাঁর ছোট ভাই সাইমুল ইসলাম সমর্থকদের নিয়ে মঞ্চে যান। এ সময় তাঁদের সমর্থকদের সঙ্গে জামাল উদ্দিনের সমর্থকদের সংঘর্ষ শুরু হয়। দুই পক্ষ লাঠি, চেয়ার ও ফেস্টুনের কাঠ নিয়ে পাল্টাপাল্টি হামলায় জড়ায়।
এই সংঘর্ষের ঘটনায় বহিষ্কৃত দুই ভাই ছাড়া আর কারও বিরুদ্ধে দলীয় ব্যবস্থার কথা এখন পর্যন্ত জানা যায়নি।