বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

বৃহস্পতিবার খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী; খুলনায় উদ্বোধন করবেন ‘নতুন কুঁড়ি স্পোর্টস’

প্রধানমন্ত্রী তারেক রহমান সকালে হেলিকপ্টারে মোংলা পৌঁছে সড়কপথে খুলনায় যাবেন এবং বাগেরহাটে খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, সকাল ৯টায় ঢাকা থেকে হেলিকপ্টারে প্রথমে মোংলায় যাবেন তিনি, এরপর সড়কপথে খুলনা যাবেন।

অতিরিক্ত প্রেস সচিবের ভাষ্য অনুযায়ী, প্রধানমন্ত্রীর মোংলায় দুটি এবং খুলনায় একটি নির্ধারিত কর্মসূচি রয়েছে। এ ছাড়া তিনি বাগেরহাট জেলা সদরে হযরত খান জাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। মোংলার কর্মসূচি শেষ করে সড়কপথে খুলনায় যাওয়ার কথা রয়েছে।

খুলনা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। সারা দেশে তৃণমূল পর্যায় থেকে প্রতিভা অন্বেষণে ক্রীড়া মন্ত্রণালয় এ অনুষ্ঠানের আয়োজন করছে।

প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে খুলনায় প্রস্তুতি চলছে। জেলা স্টেডিয়াম ও আশপাশের সড়ক অনুষ্ঠানের রঙিন ব্যানার-ফেস্টুনে সাজানো হয়েছে; শিববাড়ী মোড় থেকে রেলস্টেশনের প্রধান ফটক পর্যন্ত দেয়ালে খুলনার ইতিহাস-ঐতিহ্য, জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্মৃতি, সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগারের গ্রাফিতি আঁকা হয়েছে। সরেজমিনে দেখা গেছে, নেতা-কর্মীদের লাগানো তোরণ, বিলবোর্ড ও ফেস্টুন সরিয়ে ফেলা হয়েছে; সরকারপ্রধানের আগমনে এবারই প্রথম যত্রতত্র তোরণ-ফেস্টুন চোখে পড়ছে না।

খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, প্রধানমন্ত্রীকে সাদরে অভ্যর্থনা জানাতে মহানগরকে পরিচ্ছন্ন, নান্দনিক ও দৃষ্টিনন্দন করা হয়েছে।