চট্টগ্রাম নগরে মেট্রোরেলের সম্ভাব্য একটি রুট প্রাথমিকভাবে নির্ধারণ করা হয়েছে। কালুরঘাটের জানালীহাট থেকে শুরু হয়ে রুটটি বহদ্দারহাট মোড়, চকবাজার, নবাব সিরাজউদ্দৌলা সড়ক, আন্দরকিল্লা ও বটতলী রেলস্টেশন হয়ে বারিক বিল্ডিং মোড় দিয়ে পতেঙ্গা পর্যন্ত যাবে।
সমীক্ষার সঙ্গে যুক্ত কর্মকর্তারা নগরের প্রথম মেট্রোরেল লাইনটি উড়ালপথে নির্মাণের সুযোগ দেখছেন না। তাঁদের বিবেচনায়, এই পথে মেট্রোরেল করতে হলে যেতে হবে মাটির নিচ দিয়ে। নগরের অন্যতম প্রধান সড়ক সিডিএ অ্যাভিনিউ এড়িয়ে রুট নির্ধারণের পেছনেও অবকাঠামোগত সীমাবদ্ধতা আছে; ওই সড়কে দুটি উড়ালসড়ক হয়েছে। বহদ্দারহাট থেকে আন্দরকিল্লা এবং আন্দরকিল্লা থেকে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত এলাকা ঘনবসতিপূর্ণ, আর বারিক বিল্ডিং মোড় থেকে পতেঙ্গা পর্যন্ত মূল সড়কের ওপর এলিভেটেড এক্সপ্রেসওয়ে রয়েছে।
রুটটি এখনো চূড়ান্ত নয়। প্রস্তাবিত পথে মেট্রোরেল কারিগরিভাবে ও অর্থনৈতিকভাবে বাস্তবায়নযোগ্য কি না, তা যাচাইয়ের জন্য জরিপ করা হবে। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) ট্রাফিক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক মীর মোহাম্মদ কামরুল হাসান জানান, যাত্রী চাহিদা ও অন্যান্য বিষয় বিবেচনায় অগ্রাধিকারের ভিত্তিতে এই রুট ঠিক করা হয়েছে। আগামী ডিসেম্বরের মাঝামাঝি জরিপ শুরুর পরিকল্পনা রয়েছে। জরিপে বাস্তবায়নযোগ্য মনে হলে পরে পূর্ণাঙ্গ সম্ভাব্যতা সমীক্ষা করতে হবে, যার জন্য নতুন প্রকল্প নিতে হবে। প্রকল্প কে বাস্তবায়ন করবে ও অর্থায়ন কীভাবে হবে, সে সিদ্ধান্ত সরকার নেবে।
চট্টগ্রামের পরিবহন মহাপরিকল্পনা প্রণয়ন ও মেট্রোরেল নির্মাণের প্রাথমিক সম্ভাব্যতা যাচাইয়ের প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৭০ কোটি ৬৩ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ১৩ কোটি ৬৩ লাখ এবং দক্ষিণ কোরিয়ার সহযোগিতা সংস্থা কোইকা থেকে ৫৭ কোটি টাকা দেওয়ার কথা। ২০২৩ সালের ৩১ জানুয়ারি প্রকল্পের কাজ উদ্বোধন করা হয়; এর মেয়াদ বাড়িয়ে এখন ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। প্রকল্প পরিচালকের ভাষ্য, পরিবহন মহাপরিকল্পনার কাজ প্রায় শেষ পর্যায়ে।