বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) এইচএসসি পরীক্ষা-২০২৬-এর ফল প্রকাশ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত ফলে গড় পাসের হার ৬৪ দশমিক ৭৫ শতাংশ।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এ বছর প্রথম ও দ্বিতীয় বর্ষে মোট ৪৬ হাজার ৭৬৫ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষায় অংশ নেন ৩৮ হাজার ১৭৯ জন।
দুপুরে বিশ্ববিদ্যালয়ের গাজীপুরের উপাচার্য কনফারেন্স কক্ষে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন। তিনি বলেন, বাউবির লক্ষ্য শুধু পাসের হার বাড়ানো নয়, বরং গুণগত শিক্ষা নিশ্চিত করা। এ লক্ষ্যে সুষ্ঠু, স্বচ্ছ, নির্ভুল ও নকলমুক্ত পরীক্ষা আয়োজনের মাধ্যমে শিক্ষার মানোন্নয়নে বিশ্ববিদ্যালয় বদ্ধপরিকর বলে জানান তিনি।
উপাচার্য আরও জানান, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল মাত্র ৪১ কর্মদিবসে প্রকাশ করা হয়েছে।
পরীক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট result.bou.ac.bd থেকে চূড়ান্ত ফল জানতে পারবেন। এ ছাড়া মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানার সুযোগ রয়েছে; এ জন্য গ্রামীণফোন ব্যবহারকারীদের নির্ধারিত ফরম্যাটে শিক্ষার্থী আইডি লিখে ১৬৫৫৪ নম্বরে বার্তা পাঠাতে হবে।