সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবরের মেরুদণ্ডে আজ বুধবার (১১ নভেম্বর) মালয়েশিয়ার একটি হাসপাতালে জটিল অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে। মেরুদণ্ডের সমস্যার উন্নত চিকিৎসার জন্য তিনি বর্তমানে সেখানে অবস্থান করছেন।
নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া বার্তায় অস্ত্রোপচারের বিষয়টি নিশ্চিত করেছেন বাবর। তিনি লিখেছেন, দ্রুত সেরে উঠে আবার দেশ ও মানুষের সেবায় ফিরতে চান। এ জন্য নির্বাচনী এলাকার মানুষ, দলীয় নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী ও দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি।
পারিবারিক ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দীর্ঘ কারাভোগের সময় থেকেই নানা শারীরিক জটিলতায় ভুগছেন বাবর। মেরুদণ্ডে তীব্র ব্যথার পাশাপাশি কিডনির সমস্যা ও শ্বাসকষ্টও রয়েছে তাঁর। কারামুক্তির পর দেশে নিয়মিত চিকিৎসা নিলেও মেরুদণ্ডের জন্য উন্নত চিকিৎসার প্রয়োজন দেখা দেয়।
পরে চিকিৎসকদের পরামর্শে সম্প্রতি তাঁকে মালয়েশিয়ায় নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা ও শারীরিক অবস্থা পর্যালোচনার পর বিশেষজ্ঞ চিকিৎসকেরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন এবং ১১ নভেম্বর দিন ঠিক করা হয়।
মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান বলেন, দীর্ঘ কারাভোগের কারণে বাবর মেরুদণ্ডের ব্যথাসহ নানা সমস্যায় ভুগছেন। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে এলাকার মানুষের মাঝে ফিরতে পারেন, সে জন্য নেতাকর্মীরা দোয়া করছেন বলে জানান তিনি।