কুমিল্লায় সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের বাড়ি এবং কুমিল্লা মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে নগরীর মনোহরপুর এলাকায় সাবেক এমপি বাহারের বাড়িতে এবং কান্দিরপাড় এলাকায় মহানগর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়া হয়।
স্বেচ্ছাসেবক দলের স্থানীয় নেতারা বলেছেন, গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানীর বাড়িতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আগুন দিয়েছেন। এর প্রতিবাদে কুমিল্লায় এই অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে তাঁদের দাবি। তাঁদের ভাষ্য অনুযায়ী, আগুন দিয়েছে সাধারণ মানুষ।
এর আগে কান্দিরপাড় এলাকায় বিক্ষোভ মিছিল করে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল। সেখানে মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল ইসলাম, সদস্যসচিব সাহেদ পান্না, দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সৈয়দ মেহরাজ ও সদস্যসচিব আনোয়ার হোসেনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একই রাতে নগরীর বিভিন্ন সড়কে তাঁরা বিক্ষোভ মিছিল করেন।
গোপালগঞ্জে এর আগে টুঙ্গিপাড়া থানায় হামলা-অগ্নিসংযোগের অভিযোগ ওঠে এবং পরে এমপি জিলানীর বাড়িতে আগুন দেওয়া হয়। এসব ঘটনার পর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয়েছে।