যশোরের চৌগাছায় ঐতিহ্যবাহী ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য খেজুর গুড় সংগ্রহের মৌসুম শুরু হয়েছে। খেজুর গাছ থেকে রস সংগ্রহের প্রস্তুতি নিতে এখন ব্যস্ত সময় পার করছেন গাছিরা। জেলার কৃষি বিভাগ আশা করছে, চলতি মৌসুমে অন্তত ১০০ কোটি টাকার রস, গুড় ও পাটালি উৎপাদিত হবে। গাছিরা বলছেন, এ কাজে প্রায় ৩০ হাজার মানুষের মৌসুমি কর্মসংস্থান হবে।
চৌগাছার খেজুর গুড়ের ঐতিহ্য প্রায় ৪০০ বছরের পুরোনো। জানা যায়, ১৭৯০ সালে এর বাণিজ্যিক উৎপাদন ও গুড় থেকে চিনি তৈরি শুরু হয়েছিল। পরে দেশে আখ থেকে চিনি উৎপাদন শুরু হলে খেজুর গুড় থেকে চিনি তৈরি বন্ধ হয়ে যায়। এখন আখের উৎপাদন কমে যাওয়ায় আবার খেজুর গুড়ের চাহিদা বাড়ছে।
কৃষি অধিদপ্তরের উপপরিচালক জাহিদুল ইসলাম বিশ্বাস বলেন, শীতকালে মৌসুম শুরু হলে এ অঞ্চলের হাজার হাজার নারী-পুরুষের কর্মসংস্থান হয়। মধ্যপ্রাচ্যে চৌগাছার খেজুর গুড়ের ব্যাপক চাহিদা রয়েছে এবং সরকার গুড় রপ্তানির চেষ্টা করছে। চৌগাছা উপজেলা কৃষি কর্মকর্তা মোশাব্বির হুসাইন জানান, উপজেলায় প্রায় দুই লাখ খেজুর গাছ আছে, যার মধ্যে অন্তত ৩৫ হাজার গাছ থেকে রস সংগ্রহ করা যায়। একটি গাছ থেকে মৌসুমে প্রায় ৮০ থেকে ৯০ লিটার রস মেলে, যা থেকে প্রায় ১০ কেজি গুড় তৈরি সম্ভব।
পাতিবিলা ইউনিয়নের হয়াতপুর গ্রামের গাছি গাজী আব্দুর রহমান বিশেষ পদ্ধতিতে সাদা গুড়ের পাটালি তৈরি করেন, যা তিনি কেজিপ্রতি ৮০০ থেকে ১ হাজার ১০০ টাকায় বিক্রি করেন। তাঁর ভাষ্য, শীত মৌসুম পরিবারের জন্য আশার আলো নিয়ে আসে। এ বছর নতুন গাছি স্বরূপদাহ ইউনিয়নের আনোয়ার হোসেন প্রায় ৯০টি গাছ থেকে রস সংগ্রহ শুরু করেছেন; নলেন গুড়ের পাটালির জন্য অর্ডার পাচ্ছেন বলে ভালো আয়ের আশা করছেন। খড়িঞ্চা গ্রামের গাছি আশাদুল ইসলাম মন্ডল জানান, একেকটি গাছ থেকে মৌসুমে অন্তত তিন হাজার টাকার রস ও গুড় পাওয়া যায়।
চৌগাছা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসানুল মিজান রুমী বলেন, চিনির তুলনায় খেজুর গুড় বেশি পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত। ক্ষুদ্র উদ্যোক্তা আতাউর রহমান গাছিদের কাছ থেকে গুড় সংগ্রহ করে ভোক্তাদের কাছে বিক্রি করেন।