রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

সোমবার থেকে ঢাকা-কক্সবাজার রুটে চলবে ‘মহানগর এক্সপ্রেস’, ১৪টি স্টেশনে যাত্রাবিরতি

আগে ঢাকা-চট্টগ্রাম রুটে চলা ট্রেনটির যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত বাড়ানো হয়েছে; ভাড়া ৬৮৫ থেকে ১ হাজার ৫৭০ টাকা।

ঢাকা থেকে পর্যটননগরী কক্সবাজার ভ্রমণ আরও সহজ করতে সোমবার থেকে ‘মহানগর এক্সপ্রেস’ কক্সবাজার পর্যন্ত চলবে। বর্তমানে ট্রেনটি শুধু ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচল করলেও এখন থেকে সার্ভিসটির যাত্রাপথ কক্সবাজার পর্যন্ত বাড়ানো হয়েছে। এর ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ মধ্যবর্তী স্টেশনগুলোর যাত্রীরা ট্রেন বদল ছাড়াই সরাসরি কক্সবাজার যেতে পারবেন।

বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটন এক্সপ্রেস’ নামে দুটি বিরতিহীন সার্ভিস চালু আছে, যেগুলো শুধু চট্টগ্রাম ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর স্টেশনে থামে। নতুন সার্ভিসে ঢাকা থেকে কক্সবাজার রুটে অন্তত ১৪টি স্টেশনে যাত্রাবিরতি থাকবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্র জানিয়েছে, ট্রেনটি প্রতিদিন রাত ৮টা ৩০ মিনিটে ঢাকার কমলাপুর স্টেশন ছেড়ে রাত ২টা ৪০ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে এবং পরদিন সকাল ৬টায় কক্সবাজার আইকনিক স্টেশনে পৌঁছাবে। ফিরতি পথে কক্সবাজার থেকে প্রতিদিন সকাল ৯টায় ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রামে যাত্রাবিরতি দিয়ে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। তবে প্রতি রোববার, সাপ্তাহিক ছুটির দিনে ট্রেনটি বন্ধ থাকবে।

ঢাকা থেকে ছাড়ার পর ট্রেনটি বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে থামবে। তবে বর্ধিত এই রুটে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে যাত্রাবিরতি বাতিল করা হয়েছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ট্রেনটিতে মোট ১৬টি কোচ থাকবে এবং আসনসংখ্যা ৭০০ থেকে বাড়িয়ে ৭৩৬ করা হয়েছে। এই রুটে সর্বনিম্ন ভাড়া (শোভন চেয়ার) ৬৮৫ টাকা এবং সর্বোচ্চ ভাড়া (এসি ক্যাটাগরি) ১ হাজার ৫৭০ টাকা। কক্সবাজার-চট্টগ্রাম অংশের জন্য সর্বনিম্ন ভাড়া ২৪০ টাকা এবং সর্বোচ্চ ৫৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

কক্সবাজার আইকনিক রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. জয়নাল আবেদীন এই সার্ভিস চালুর বিষয়টি নিশ্চিত করেছেন। সংশ্লিষ্টরা মনে করছেন, সরাসরি ট্রেন যোগাযোগ চালু হলে কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও নরসিংদীর বাসিন্দাদের ভোগান্তি কমবে, পাশাপাশি কক্সবাজারের হোটেল, রেস্তোরাঁ ও স্থানীয় পর্যটন খাতে আয়ের নতুন সম্ভাবনা তৈরি হবে।