বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

শিবগঞ্জে ককটেল বানাতে গিয়ে বিস্ফোরণে একজন নিহত, আহত তিনজন: পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের পারচৌকা এলাকায় বুধবার দুপুরে বিস্ফোরণে টমাস আলী (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ককটেল বানানোর সময় বিস্ফোরণে টমাস আলী (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। বুধবার দুপুরে উপজেলার পারচৌকা এলাকার একটি মাঠে এ বিস্ফোরণ ঘটে বলে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান নিশ্চিত করেছেন।

নিহত টমাস আলী শিবগঞ্জ উপজেলার লম্বাটোলা গ্রামের মর্তুজার ছেলে। স্থানীয়ভাবে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন।

পুলিশ জানায়, নাশকতার উদ্দেশ্যে পারচৌকা এলাকায় একটি ধানক্ষেতের পাশে টমাসসহ আরও তিন যুবক ককটেল বানাচ্ছিলেন। এ সময় বিস্ফোরণ ঘটলে ঘটনাস্থলেই টমাসের মৃত্যু হয়। বাকি তিনজন আহত অবস্থায় সেখান থেকে পালিয়ে যান। খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে টমাসের লাশ উদ্ধার করে। এ সময় সেখান থেকে ককটেল তৈরির বেশ কিছু সরঞ্জামও উদ্ধার করা হয়।

ওসি মতিউর রহমান জানান, লাশ তদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া আহত তিনজনের পরিচয় ও অবস্থান সম্পর্কে পুলিশ এখনো বিস্তারিত কিছু জানায়নি।