মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

রাজারবাগ পুলিশ লাইন্সে ককটেল বিস্ফোরণের মামলায় মাগুরা সদরের সাবেক উপজেলা চেয়ারম্যান রানা আমির ওসমানের চার দিনের রিমান্ড

বিস্ফোরক আইনের মামলায় ঢাকার আদালত সোমবার বিকেলে তদন্ত কর্মকর্তার সাত দিনের আবেদনের বিপরীতে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সের সেন্ট্রি পোস্টে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা বিস্ফোরক আইনের মামলায় মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রানা আমির ওসমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার বিকেলে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক মোফাজ্জল হোসেন আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে শুনানি করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী গোলাম রাব্বানীসহ কয়েকজন রিমান্ড বাতিল চেয়ে যুক্তি দেন। উভয় পক্ষের শুনানি শেষে উচ্চ আদালতের নির্দেশনা অনুসরণ করে সতর্কতার সঙ্গে চার দিনের জিজ্ঞাসাবাদের অনুমতি দেন বিচারক।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ৫ নভেম্বর রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে রাজারবাগ পুলিশ লাইন্সের ৩ নম্বর এলপি গেটের সেন্ট্রি পোস্ট লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। রাজারবাগের ২ নম্বর গেট থেকে মগবাজারগামী ফ্লাইওভার থেকে ককটেল ছুড়ে তারা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলসদৃশ বস্তুর পোড়া টিনের অংশ, লাল স্কচটেপের অংশ এবং ১৫টি লোহার তারের টুকরা জব্দ করা হয়।

তদন্ত কর্মকর্তা আবেদনে উল্লেখ করেন, গোপন তথ্য ও প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ১২ নভেম্বর রাত ১২টা ৫০ মিনিটে নিউমার্কেট থানার এলিফ্যান্ট রোডের একটি বাসা থেকে রানা আমির ওসমানকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, তিনি ও তাঁর সহযোগীরা পরিকল্পিতভাবে ককটেল বিস্ফোরণ ঘটান বলে আবেদনে বলা হয়েছে। এতে অর্থ জোগানদাতা, নির্দেশদাতা ও পরিকল্পনাকারী হিসেবে তাঁর ভূমিকার তথ্য-প্রমাণ পাওয়া যাচ্ছে বলে দাবি করা হয়।

রিমান্ড আবেদনে আরও বলা হয়, পলাতক সংশ্লিষ্টদের শনাক্ত ও গ্রেপ্তার, বিস্ফোরকের উৎস, প্রস্তুতকারক ও সরবরাহকারী চিহ্নিত করা এবং নেপথ্যের অর্থদাতা ও নির্দেশদাতাদের খুঁজে বের করতে তাঁকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। পুলিশের তথ্যভান্ডার যাচাইয়ের বরাত দিয়ে আবেদনে জানানো হয়, মাগুরা সদর থানায় তাঁর বিরুদ্ধে আরও দুটি মামলা রয়েছে।

রানা আমির ওসমান মাগুরা জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক। ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।